চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৪ মে ২০২৬
“পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াও” শ্লোগানে বান্দরবানে ৫ বছরের ত্রিপুরা শিশুকে ধর্ষণের বিচার এবং ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী জনতার ওপর পুলিশ-বিজিবির নগ্ন হস্তক্ষেপ ও লাঠিচার্জ করার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ) ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), চট্টগ্রাম মহানগর শাখা।
আজ রবিবার (২৪ মে ২০২৬) বিকাল ৫টার সময় চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাব ঘুরে এসে আবারও চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে পিসিপির চট্টগ্রাম মহানগর সভাপতি অংহ্লাচিং মারমা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
দেবাশীষ চাকমা সঞ্চালনায় বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
রিতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শুভ চাক ও
পিসিপি চবি শাখার সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা।
রিতা চাকমা বলেন, আজকে নারীরা কোথাও নিরাপদে নেই। প্রতিনিয়ত ধর্ষণের শিকার
হচ্ছে। বিএনপি সরকার কোন পদক্ষেপ না নেয়ায় দিন দিন এসব ঘটনা বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ের
চিংমা খেয়াং, কৃত্তিকা ত্রিপুরা থেকে শুরু করে অনেকে ধর্ষণ-হত্যার শিকার হয়েছে। কিন্তু
কোন সরকার এসব ঘটনার সুষ্ঠু বিচার করেনি। এই বিচার না হওয়ার কারণে বার বার ধর্ষণের
মতো নৃশংস ঘটনা ঘটছে। তারই ধারাবাহিকতায় বান্দরবানে ৫ বছরের ত্রিপুরা শিশু ধর্ষণের
শিকার হয়েছে। দেশের এই বিচার ব্যবস্থার প্রতি মানুষ দিন দিন আস্থা হারিয়ে ফেলছে।
তিনি বান্দরবানে শিশু ধর্ষণকারীকে সর্বোচ্চ সাজা দেওয়ার দাবি জানান। একই
সাথে তিনি রামিসাসহ সারাদেশে ধর্ষণ-হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক
সাজা নিশ্চিত করার দাবি করেন।
শুভ চাক বলেন, যারা নারী শিশু ধর্ষণ করে তারা পশুর সমান। ৫ কিংবা ৭ বছরের
শিশু সে এখনো কিছু জানে না। আজ তারা পর্যন্ত রেহাই পাচ্ছে না। সরকার যদি ধর্ষণকারীকে
জনসম্মুখে ফাঁসি কার্যকর করতো তাহলে এমন জঘন্য অপরাধ করতে কেউ সাহস পেতো না।
তিনি বলেন, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করলে এসব জঘন্য ঘটনা আর হবে না। বাংলাদেশে চার মাসে ১১৮ জন নারী শিশু ধর্ষণের শিকার হয়েছে তার মধ্যে ২০ জন হত্যা শিকার হয়। তিনি সারাদেশে চলমান ধর্ষণ-হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বান্দরবানে শিশু ধর্ষণসহ সারাদেশের ধর্ষণের ঘটনায় সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ সাজা প্রদানের জোর দাবি জানান।
সুদর্শন চাকমা বলেন, পাহাড়ে এই যাবত অনেক নারী শিশু ধর্ষণের শিকার
হয়েছে কিন্তু কোন সুষ্ঠু বিচার হয়নি। এই বিচার না হওয়ার কারণে বান্দরবান থানচিতে ৫
বছরের এক ত্রিপুরা শিশুকে বিজয় বড়ুয়া কর্তৃক ধর্ষণের শিকার হতে হয়েছে। আর এ ঘটনায়
স্থানীয় জনতা বিচার চাইতে গেলে বিজিবি কর্তৃক তাদেরকে বাধা ও হুমকি প্রদান করা হয়।
এক বিজিবি সদস্য বন্দুক তাক করে তাদেরকে স্থান ত্যাগ করতে বলে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে ধর্ষণের যেভাবে বেড়ে চলেছে তা গভীর উদ্বেগের বিষয়। সঠিক
বিচার ব্যবস্থা কার্যকর না থাকায় ধর্ষণকারীরা এসব জঘন্য অপরাধ করতে সাহস পাচ্ছে। এভাবে
চলতে থাকলে রাস্তা, স্কুল যাওয়ার মেয়েরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়বে। তিনি অবিলম্বে
পাহাড় সমতলে ধর্ষণের ঘটনা সুষ্ঠু তদন্ত করে বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি
প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান।
সভাপতির বক্তব্যে অংহ্লাচিং মার্মা বলেন, পার্বত্য চট্টগ্রাম-সহ সারাদেশে নারী-শিশু ধর্ষণ, ধর্ষণের পর হত্যা দিন দিন বেড়ে চলেছে। আজ বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের ৫ বছরের শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে। আর এ ধর্ষণের ঘটনার বিচার চাইতে স্থানীয়রা থানায় গেলে বিজিবি তাদের ওপর চড়াও হয়েছে, অস্ত্রের ভয় দেখিয়েছে। এই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা!
তিনি আরো বলেন, বান্দরবানে শিশু ধর্ষণের ঘটনায় স্থানীয়রা ধর্ষণকারীকে আটক করে পুলিশে
সোপর্দ করার পরও পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে। পাহাড়ে কোন ঘটনার বিচার চাইতে গেলে
হুমকি, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার শিকার হতে হয়।
তিন দেশের আইনের প্রতি মানুষ আস্থা হারিয়েছে উল্লেখ করে বলেন, রামিসার বাবা
তার মেয়ে হত্যার বিচার পর্যন্ত চান নাই। কারণ তিনি জানেন সরকার সুষ্ঠু বিচার করতে
পারবে না। পাহাড়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ২০২৪-২৫ সালে পাহাড়িদের ওপর যে সাম্প্রদায়িক
হামলা-হত্যাকাণ্ড-অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত করা হয়েছিল তার বিচার আমরা এখনো পাইনি।
সাম্প্রদায়ীক ঘটনা সৃষ্টি হয়েছে তার বিচার এখনো পাইনি।
তিনি বলেন আমরা প্রতিনিয়ত সুষ্ঠু বিচার দাবি করি, সরকার শুধু আশ্বাস দিয়ে
যায়। কিন্তু দিনশেষে কোন বিচার হয় না। তিনি অবিলম্বে বান্দরবানে ৫ বছরের শিশু ধর্ষণসহ
পাহাড় ও সমতলে সকল ধর্ষণের ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় এনে
বিচার ও দৃষ্টান্তমূলক সাজা প্রদানের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

