![]() |
| লোহাগড়ায় মাইক্রোবাস খাদে পড়ে দুই বৌদ্ধ ভিক্ষুসহ ৩ জন নিহত হয়। |
অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
পড়ে দুই বৌদ্ধ ভিক্ষু ও চালকসহ তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন
গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ৯টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খাগড়াছড়ি সদরের য়ংড বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ উসারা ভিক্ষু
(গৃহী নাম খ্যচিং মারমা), মাটিরাঙ্গা চৌধুরীঘাট এলাাকর ওয়াসু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ
আগ্গাধেইম্মা ভিক্ষু ও য়ংড বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষের গাড়ি চালক লাব্রে মারমা।
এছাড়া আহত দু’জন বৌদ্ধ ভিক্ষুর নাম জানা গেছে। এরা হলেন- খাগড়াছড়ির ভাইবোনছড়া
৮ নং প্রকল্প বিহারের অধ্যক্ষ সুমিত্তা ভিক্ষু ও গর্জনটিলা বিহারের উপাধ্যক্ষ নাইন্দিয়া
ভিক্ষু।
গাড়িতে থাকা পানছড়ি চৌধুরী পাড়া অগ্রমেধ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ইন্দাসারা
ভিক্ষু (গৃহী নাম উচিং মগ) বয়স: ৪৮, সুস্থ আছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান
শেষে বৌদ্ধ ভিক্ষুরা খাগড়াছড়িতে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। গাড়িটিতে অন্তত পাঁচজন
বৌদ্ধ ভিক্ষু ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতেই হতাহতের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। আহতদের
উদ্ধার করে লোহাগাড়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা
হয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পাওয়ার সঙ্গে
সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত তিনজনের
লাশ উদ্ধার করা হয়েছে।
*খবরের সূত্র: অনলাইন
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
