""

কাউখালীতে সাংগ্রাই রিংলংপোয়ে উপলক্ষে ঐতিহ্যবাহী খেলাধুলাসহ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


কাউখলী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

‘মাহা সাংগ্রাই রিংলংপোয়ে’ উপলক্ষে রাঙামাটির কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ধূপছড়ি বাজার মাঠে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দিনব্যপী ‘সাংগ্রাই জলকেলি উৎসব উদযাপন কমিটি’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বৈসাবি (বৈসু-সাংগ্রাই-বিঝু-বিষু-বিহু) হোক নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যে বলীয়ান হয়ে জেগে ওঠার দিন” এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- ভদন্ত রাজাধাম্মা মহাথের (অধ্যক্ষ, ডাবুয়া পাইমুক্য বৌদ্ধ বিহার) ও ভদন্ত ক্ষেমাসারা থের (ধূপছড়ি পাড়া বৌদ্ধ বিহার)।

সকাল ৮টায় পচু পাড়া মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি সহকারে ধূপছড়ি বাজার ঘুরে অনুষ্ঠান স্থল ধূপছড়ি বাজার মাঠে সমবেত হন এলাকার সর্বস্তরের জনগণ।

সেখানে মঙ্গল ও সুখ-শান্তি কামনায় ভদন্ত রাজাধাম্মা মহাথের, ক্ষেমাসারা থেরসহ তিন জন বৌদ্ধ ভিক্ষু ধর্মীয় সূত্র পাঠ করেন। তারপর ভদন্ত রাজাধাম্মা মহাথের অনুষ্ঠান উদ্বোধন করেন।

এরপর ১০টা হতে স্থানীয় নৃত্যশিল্পী গোষ্ঠীর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। দুপুর ১২টায় অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। তাঁকে অনুষ্ঠানের গেইট থেকে স্থানীয় জনপ্রতিনিধি, ময়-মুরুব্বী ও যুবক-যুবতীরা অনুষ্ঠান স্থলে নিয়ে আসেন এবং সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারি ও মুরুব্বীরা দেবাশীষ রায়কে ফুল দিয়ে বরণ করে নেন।      




পরে চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় কিছু বক্তব্য দিয়ে পানি খেলা (জলকেলি) উদ্বোধন করেন এবং তিনি নিজেও যুবক-যুবতীদের সাথে পানি খেলায় অংশ নেন।

পানি খেলা ছাড়াও আরো বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।






বেলা ২টা হতে কনসার্ট আরম্ভ হয়। রাত ১০টা পর্যন্ত কনসার্ট চলবে বলে আয়োজকরা জানিয়েছেন। এতে শিল্পীদের সাথে চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়ও গান পরিবেশন করেন। 



কনসার্টে বান্দরবান থেকে বাংলাদেশ আইডল মংউচিং (মং) মারমা, জোনাকি চাকমা, আরশি চাকমা, মংহাইসিং, জিকো মারমা, তিষা, চিংক্যসহ অন্যান্য শিল্পীরা উপস্থিত থেকে গান পরিবেশন করেন।

এরপর দিবাগত ১২টা সকাল ভোর ৪টা পর্যন্ত মারমাদের ঐতিহ্যবাহী পাংখুঃ আয়োজনের মাধ্যম অনুষ্ঠান শেষ হবে বলে আয়োজকরা জানান।

 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments