""

গুইমারায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এক্সকাভেটর পুড়িয়ে দেওয়ার অভিযোগ


গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২২ মে ২০২৬

খাগড়াছড়ির গুইমারায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সরকারি উদ্যোগে খাল খননের কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ মে) মধ্যরাতের কোন একসময়ে এ খননযন্ত্রটি পুড়িয়ে দেওয়া হয় বলে ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অংগ্যজয় মারমা জানান।

তিনি বলেন, “রাতের আঁধারে কে বা কারা এসে এক্সকাভেটরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এতে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, পুড়িয়ে দেওয়া এক্সকাভেটরটি জালিয়া পাড়া এলাকায় বাঙালি গ্রামের মধ্যে ছিল। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এ ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

এদিকে, শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না বলেন, “গত ২৮ এপ্রিল থেকে পিলাক খাল খনন কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে খালের বেশ কিছু অংশ খননের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে গতকাল রাতে একটি এক্সক্যাভেটরে আগুন দেওয়া হয়। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।”

এ বিষয়ে গুইমারায় থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, “ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। এক্সাভেটরটি পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের খুঁজে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments