লামা (বান্দরবান), সিএইচটি নিউজ
সোমবার, ২২ জুন ২০২৬
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাজিরাম ত্রিপুরা
পাড়ায় ভূমিদস্যু সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের অন্তর্ভুক্ত ৩ জনসহ কয়েকজন ত্রিপুরা
গ্রামবাসী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সন্ত্রাসীরা গ্রামবাসীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের
চেষ্টা চালায় বলেও অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার (২১ জুন ২০২৬) বিকালে এ হামলার ঘটনাটি ঘটে বলে জানা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে জানা গেছে, নাজিরাম ত্রিপুরা পাড়ার বাসিন্দা
মৃত সূর্যমনি ত্রিপুরার তিন সন্তান- ১. শিমন ত্রিপুরা, ২.সইততি ত্রিপুরা ও ৩.গুদাইচন্দ্র
ত্রিপুরা দীর্ঘ প্রায় ২০-২২ বছর যাবৎ তাদের বৈধ মালিকানাধীন ও ভোগদখলীয় জমিতে শান্তিপূর্ণভাবে
চাষাবাদ ও ভোগদখল করে আসছেন। সম্প্রতি মো. বজলুর রহমান নামে এক বহিরাগত ব্যক্তি ভিত্তিহীন
ও বেআইনিভাবে উক্ত জমিকে নিজের সম্পত্তি বলে দাবি করতে থাকেন।
ঊল্লেখ্য, মো. বজলুর রহমান ১৯৮৩ সনে ইলেকট্রিকসিটি ক্যাবল চুরি করার মামলার
দায়ে ২৫ বছর ধরে পলাতক আসামী বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি
এবং দুই ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে একাধিক বার সালিশ বৈঠক হয়। এতে ত্রিপুরাদের
জমির মালিকানা ও দখল সংক্রান্ত কাগজপত্র যথাযথ ও সঠিক বলে প্রমাণিত হয়।
অপরদিকে মো. বজলুল রহমানের দাখিলকৃত কাগজপত্রে বিভিন্ন অসঙ্গতি, ত্রুটি
ও সীমানাগত অমিল ধরা পড়ে। কিন্তু তা সত্ত্বেও বজলুর রহমান সালিশি বৈঠকের সিদ্ধান্ত
অমান্য করে ওই জমিতে প্রবেশ করে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের কার্যক্রম শুরু করেন।
এরই প্রেক্ষিতে গতকাল রবিবার (২১ জুন) বিকাল ৩টার সময় জমির মালিক ত্রিপুরারা
অবৈধ বাড়ি নির্মাণকাজে বাধা প্রদান করলে বজলুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন সংঘবদ্ধভাবে
লাঠিসোটা, দা, ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত সন্ত্রাসী
হামলা চালায়। সন্ত্রাসীরা তিন ভাই শিমন ত্রিপুরা, সইততি ত্রিপুরা ও গুদাইচন্দ্র ত্রিপুরাকে মাথা-সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময়
তাদের সাথে ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজন গ্রামবাসীও আহত হন। আহতদের মধ্যে শিমন ত্রিপুরার
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে-সহ অন্যান্য আহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে লামা উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
এ হামলার পরও ক্ষান্ত হয়ে সন্ধ্যা আনুমানিক ৬টার সময় বজলুর রহামান ও তার
সহযোগীরা পুনরায় ৩০-৪০ জনের অধিক লোক নিয়ে সংঘবদ্ধভাবে ত্রিপুরাদের গ্রামে প্রবেশ
করে বসতবাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগের মাধ্যমে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় স্থানীয় গ্রামবাসীরা বাধা প্রদান করলে সন্ত্রাসী বজলুল রহমান গংরা তাদের
উপরও হামলা চালানো হয়।
একপর্যায়ে সন্ত্রাসীরা ত্রিপুরা গ্রামবাসীদের বসতবাড়িতে জোরপূর্বক তল্লাশি
চালায় এবং জমির মালিক তিন ভাই ও তাদের পরিবারের সদস্যদের খোঁজাখুঁজি করে।
ঘটনাস্থল ত্যাগ করার পূর্বে সন্ত্রাসীরা গ্রামবাসীদের সামনে প্রকাশ্যে জমির
মালিক তিন ভাই ও তাদের আত্মীয়-স্বজনদের ভবিষ্যতে দা, ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র
দ্বারা হত্যা করার হুমকি দেয় ও ভয়ভীতি প্রদর্শন করে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী উক্ত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী
সন্ত্রাসী বজলুর রহমান গংদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, উক্ত হামলার ঘটনার প্রতিবাদে ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা আগামীকাল ২৩ জুন ২০২৫, মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
