পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ও চেঙ্গী ইউনিয়নের পর এবার পানছড়ি সদর ইউনিয়নের
কয়েকটি স্থানে জেএসএস সন্তু গ্রুপ বিরোধী পোস্টার সাঁটানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) পানছড়ি সদর ইউনিয়নের অক্ষয় পাড়া, সুপারী
বাগান, নাপিতা পাড়াসহ কয়েকটি স্থানে এমন পোস্টার সাঁটানো হয় বলে জানা গেছে।
‘পানছড়ি সচেতন জনতা’ এর নামে সাঁটানো হাতে লেখা পোস্টারগুলোতে “সেনাবাহিনীর
দালাল সন্তু গ্রুপকে প্রতিহত করুন” ‘জাদর মাদা খেইয়্যা’ সন্তু চক্রকে প্রতিহত করুন;
জাত বিরোধী সন্তু চক্রকে প্রতিহত করুন; সেনা সন্তু ভাই ভাই জুম্মদের তাঁরা ধ্বংস চায়;
জুম্ম জাতিকে রক্ষা করতে ইউপিডিএফের সামিল হোন” ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক মাস ধরে পানছড়ির বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর
প্রত্যক্ষ মদতে ও সহযোগিতায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র লোকজন প্রকাশ্যে অবস্থান
করে খুন, অপহরণ, চাঁদাবাজি, মুক্তিপণ ও জরিমানা আদায়সহ নানা অপকর্ম সংঘটিত করছে। কিন্তু
তাদের বিরুদ্ধে প্রশাসন কোন পদক্ষেপ না নিয়ে উল্টো সাধারণ জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন
চালাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা অপারেশনের নামে প্রতিনিয়ত রাত-বিরাতে সাধারণ জনগণের
ঘরবাড়ি তল্লাশি, হয়রানি করছে, অথচ তারা অস্ত্রধারী সন্তু গ্রুপের বিরুদ্ধে কোন পদক্ষেপ
না নিয়ে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, এতদিন জনগণ ভয়ে মুখ খুলতে না পারলেও
এখন প্রতিবাদী পোস্টারের মাধ্যমে তারা সন্তু
গ্রুপের অপর্মের প্রতিবাদ জানাচ্ছেন। কারণ, সন্তু গ্রুপ পাহাড়িদের ওপর নিপীড়নকারী সেনাবাহিনীর
সাথে হাত মিলিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থতি জিইয়ে রেখেছে। তারা সেনাবাহিনী ও সন্তু
গ্রুপের জুম্ম জাতি ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এলাকাবাসীর প্রতি আহ্বান
জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



