খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের রবিজয় পাড়ায় ইউপিডিএফ সংগঠক সুমেন
চাকমা (৫৬)-এর বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৩টার দিকে দেওয়ানপাড়া
সাব-জোন থেকে একদল সেনাসদস্য রবিজয় পাড়ায় হানা দেয়। পরে সেনারা সেখানকার স্থায়ী বাসিন্দা
ও ইউপিডিএফের খাগড়াছড়ি সদর ইউনিটের একজন সংগঠক সুমেন চাকমার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি
চালায়। এ সময় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি চালিয়ে আসবাবপত্রসহ সকল জিনিসপত্র তছনছ করে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
তল্লাশিকালে বাড়িতে থাকা নারী-শিশুদের ভয়-ভীতি প্রদর্শন করা হয় বলেও ভুক্তভোগী
পরিবারের লোকজন জানিয়েছেন।
ব্যাপক তল্লাশির পরও বাড়িতে অবৈধ কোন কিছু না পেয়ে চলে যাওয়ার সময় সেনারা সুমেন চাকমার ১০ম শ্রেণিতে পড়ুয়া ছেলে প্রভারণ চাকমা(১৬)-কে আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় রবিজয় পাড়া ও শিবমন্দির এলাকার নারীরা একত্রিত হয়ে প্রতিবাদ-প্রতিরোধ করলে সেনারা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।
এদিকে, রাত-বিরাতে গ্রামে ঢুকে সেনাবাহিনীর এমন তল্লাশি-হয়রানির ঘটনায় এলাকার
জনমনে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
