""

খাগড়াছড়িগামী বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক পাহাড়ি ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও লাঞ্ছিত করার অভিযোগ

প্রতীকী ছবি


চট্টগ্রাম, সিএইচটি নিউজ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে চলাচলকারী একটি লোকাল বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক পাহাড়ি ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও পরে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকালে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা যায়, আজ বিকাল ৪:১৫টার সময় ভুক্তভোগী ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে ‘খাগড়াছড়ি পরিবহন’ নামে খাগড়াছড়িগামী বাসে ওঠেন। কিছুক্ষণ পর বাসের সামনে বসা মধ্যবয়সী এক ব্যক্তি (বাঙালি) সিগারেট খাওয়ার অজুহাতে তার আসন থেকে উঠে গিয়ে ওই ছাত্রীর পেছনের আসনে বসেন পড়েন। এরপর তিনি ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।

এ সময় ভুক্তভোগী ছাত্রী প্রতিবাদ করলে বাস কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিকে হাটহাজারী এলাকায় বাস থেকে নামিয়ে দেয়।

এরপর অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাযোগে দ্রুত ফটিকছড়ি এলাকায় পৌঁছে বাসটির গতিরোধ করেন। পরে তিনি বাসে উঠে ওই ছাত্রীর চুলের মুঠি ধরে জোরপূর্বক বাস থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাসে থাকা অন্য লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীদের মতে, তাৎক্ষণিক হস্তক্ষেপ না হলে আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত।

পরে স্থানীয় ও বাসে থাকা লোকজন অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফটিকছড়ি থানায় নিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। পুলিশ ঘটনার বিষয়ে সর্বোচ্চ আইনি সহায়তার নিশ্চয়তা দিয়েছেন বলে জানা গেছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments