""

পানছড়িতে নিজেদের তিন কর্মীকে হত্যা করলো সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা

সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা নিজেদের তিন কর্মীকে গুলি করে হত্যা করেছে।

পানছড়ি (খাগড়াছড়ি), সিএইচটি নিউজ
সোমবার, ৬ জুলাই ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে দল ত্যাগ করে চলে যাওয়ার সময় নিজেদের তিন কর্মীকে গুলি করে হত্যা করেছে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা।

আজ সোমবার (৬ জুলাই ২০২৬) সকালে পানছড়ির পুজগাঙের মধুমঙ্গল পাড়া এলাকায় রাস্তার একটি দোকানের সামনে এ হত্যার ঘটনাটি ঘটে।

তবে নিহতদের কারোর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১টার সময় লোগাঙের দিক থেকে একটি টমটমে করে ৫জন যুবক পানছড়ি সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল তাদেরকে পিছু ধাওয়া করে এসে মধুমঙ্গল পাড়ায় একটি দোকানের সামনে রাস্তায় তাদেরকে বহনকারী টমটমটি আটকিয়ে সবাইকে গাড়ি থেকে বের করে। এরপর তিন জনকে আলাদা করে ঠাণ্ডামাথায় গুলি করে হত্যা করে ফেলে রেখে যায়। আর বাকী দু'জনকে আটক করে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

নিহতরা সেখানকার স্থানীয় নয় বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে তিন জনই জেএসএস (সন্তু)-এর সশস্ত্র গ্রুপে পানছড়িতে নিয়োজিত ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

অপর একটি সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে সন্তু গ্রুপের সশস্ত্র কর্মীদের মধ্যে সুযোগ-সুবিধা, বৈষম্যসহ নানা বিষয়ে ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছিল। এমতাবস্থায় উক্ত তিন যুবক কয়েকদিন আগে বিশ্রামের কথা বলে ধুধুকছড়ার হাতিমারা এলাকায় নির্বাণপুর কুটিরে ‘শ্রমণ’ (বৌদ্ধ ভিক্ষু হওয়ার দীক্ষার্থী) হন। সেখান থেকে আজ তারা রংবস্ত্র পরিত্যাগ করে সশস্ত্র গ্রুপে যোগ না দিয়ে স্বাভাবিক জীবন-যাপনের জন্য গোপনে নিজেদের বাড়ির উদ্দেশ্যে চলে যাওয়ার পথে এ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

এদিকে, ঘটনার কিছুক্ষণ পরে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয় বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। নিজ দলীয় কর্মীদের ওপর সন্তু গ্রুপের এমন নৃশংসতায় এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করে এ ধরনের অমানবিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


 





0/Post a Comment/Comments