""

লক্ষীছড়িতে এক ব্যক্তির বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, জিনিসপত্র তছনছ



লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার ১নং লক্ষীছড়ি ইউনিয়নের বানরকাটা মহন্যা পাড়ায় এক ব্যক্তির বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে জিনিসপত্র তছনছ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীর নাম ডাঙ্গরশি চাকমা (৪২), পিতা- মৃত এরেশিং চাকমা, গ্রাম: মহন্যা পাড়া, লক্ষীছড়ি।  

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) ভোর সাড়ে ৩টার সময় লক্ষীছড়ি সেনাজোন থেকে ৩৫-৪০ জনের একদল সেনা সদস্য দুইজন ঠ্যাঙাড়ে (মুখোশ) দুর্বৃত্তকে সাথে নিয়ে বানরকাটার মহন্যা পাড়ায় হানা দেয়। এরপর সেনারা পাড়ার বাসিন্দা ডাঙ্গরশি চাকমার বাড়িটি ঘেরাও করে। পরে তারা বাড়ির ভিতর প্রবেশ করে তন্ন তন্ন করে তল্লাশি চালায় ও বাড়ির সকল জিনিসপত্র তছনছ করে দেয়।

তল্লাশিকালে সেনারা বাড়ির লোকজনের কাছ থেকে “ইউপিডিএফের লোকজন আছে কিনা, তারা কোথায় থাকে?” ইত্যাদি হয়রানিমূলক প্রশ্ন জিজ্ঞাসা করে বলে ভুক্তভোগীরা জানান।

সেনাদের সাথে থাকা দু’জন ঠ্যাঙাড়ে দুর্বৃত্তকে চেনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এরা হলেন সুজন চাকমা (দুর্জয়) ও নয়ন। এর মধ্যে সুজনের বাড়ি লক্ষীছড়ি ইউনিয়নের থাল্যা পাড়ায়। তার পিতার নাম ধন্য কুমার চাকমা বলে জানা গেছে।

তল্লাশির পর বাড়িতে অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনারা সকালে সেখান থেকে ক্যাম্পে ফিরে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে, ঠ্যাঙাড়ে দুর্বৃত্তদের সাথে নিয়ে সাধারণ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর এমন হয়রানিমূলক তল্লাশির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে সাধারণ জনগণের ওপর হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments