সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
রাঙামাটির সাজেক পর্যটনের “Same place Restaurant’ নামের একটি রেস্টুরেন্ট
থেকে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীরা ফেরদৌজ চাকমা (২৫) নামে এক ব্যক্তিকে অপহরণ
করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই রেস্টুরেন্টে একজন কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন।
গত সোমবার (৩ আগষ্ট ২০২৬) সকাল ৮টা সময় এ অপহরণের ঘটনাটি ঘটেছে বলে বিলম্বে
পাওয়া খবরে জানা গেছে।
অপহৃত ফেরদৌজ চাকমার বাড়ি ছোট কংলাক পাড়ায়। তার পিতার নাম পরাজয় চাকমা।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, জেএসএস সন্তু গ্রুপের একদল সদস্য সশস্ত্র
অবস্থায় ২টি মোটর সাইকেলে করে পর্যটনে এসে ফেরদৌজ চাকমাকে মোবাইলে কল দিয়ে রেস্টুরেন্ট
থেকে বের হতে বলে। এরপর তিনি বের হলে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা তাকে মোটর সাইকেলে
তুলে উদয়পুরের দিকে নিয়ে যায়।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ২০২৪ সালে বাঘাইহাট এলাকার ডানে বাইবাছড়া
গ্রামের বাসিন্দা মুনি চাকমার ছোট মেয়ে যতনা চাকমার সাথে ফেরদৌজ চাকমার বিয়ে হয়। বিয়ের
এক বছর পর সন্তান প্রসবের সময় এলে তার স্ত্রী নিজের বাবার বাড়িতে চলে যায়। সেখানে সন্তান
প্রসবের পর ফেরদৌজ চাকমা তার সন্তানের কজোইপানি (আশীর্বাদ) অনুষ্ঠানে শ্বশুর বাড়িতে
যেতে চাইলে ছোট কংলাক এলাকায় অবস্থানরত সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা সেখানে যেতে
বাধা দেয়। পরে ফেরদৌজ চাকমা স্ত্রী ও সন্তানের মায়ায় চুপিসারে বাঘাইহাটে শ্বশুর বাড়িতে
চলে যায়।
এরপর থেকে সন্তু গ্রুপের লোকজন তাকে মোবাইলে কল দিয়ে “তুমি আমাদের তথ্য
পাচার করতে ইউপিডিএফের এলাকায় গিয়েছ”- এমন অভিযোগ করে তাকে নানা হুমকি প্রদান করতে
থাকে। যার কারণে তিনি ভয়ে আর বাড়িতে ফিরে না গিয়ে সাজেক পর্যটন কেন্দ্রে “same
place restaurant’-এ মাসিক ৯ হাজার টাকার বেতনে কাজ করতে গেলে সেখান থেকে সন্তু গ্রুপের
সশস্ত্র সদস্যরা তাকে অপহরণ করে নিয়ে যায়।
বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী বাজারের আয়ুব আলী উক্ত রেস্টুরেন্টের
মালিক বলে জানা গেছে।
এদিকে, অপহরণের ৩ দিনেও ফেরদৌজ চাকমাকে মুক্তি না দেয়ায় পরিবারের লোকজন
গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। তাকে এখনো উদয়পুর এলাকায় রাখা হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী
অবিলম্বে অপহৃত ফেরদৌজ চাকমাকে মুক্তি দিতে সন্তু গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
