""

রামগড়ে একজনের বাড়ি ও আরেকজনের দোকানে বিজিবির তল্লাশির অভিযোগ


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে হাচুক পাড়া একজনের বাড়িতে ও গরুকাটা পাড়ায় আরেকজনের দোকানে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে ১ নম্বর রামগড় হাতিখেদা ক্যাম্প থেকে ১৮ জনের একদল বিজিবি সদস্য দুটি গাড়িতে করে খাগড়াবিল সড়ক হয়ে পাহাড়ি অধ্যুষিত পাড়াগুলোর দিকে যায়। পরে বিজিবি সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে একটি দল হাচুক পাড়া এবং অপর দলটি গরুকাটা পাড়ায় অভিযান চালায়।

এ সময় বিজিবি সদস্যরা হাচুক পাড়ার বাসিন্দা ধন বিকাশ ত্রিপুরার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। কী কারণে তার তল্লাশি চালানো হয়েছে সে বিষয়ে বিজিবি সদস্যরা কোন ব্যাখ্যা দেয়নি বলে পাড়াবাসীরা জানিয়েছেন।

এছাড়া বিজিবি সদস্যরা পুরো পাড়ায় ঘোরাঘুরি ও ড্রোন উড়িয়ে নজরদারি করে বলে পাড়াবাসীরা জানিয়েছেন। এর ফলে পাড়াবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, গরুকাটা পাড়ায় যাওয়া বিজিবি সদস্যরা স্থানীয় কালী মন্দির এলাকায় কিছুক্ষণ অবস্থান করার পর পাড়ার বাসিন্দা অংহ্লা মারমার দোকানে তল্লাশি চালায় বলে জানা গেছে।

পরে তারা পুনরায় উভয় দল মিলিত হয়ে হাচুক পাড়ায় কিছুক্ষণ অবস্থান করার পর তৈসাগার নামের ছড়া দিয়ে এলাকা ত্যাগ করেন বলে স্থানীয়রা জানান।  

উল্লেখ্য, গতকাল মঙ্গলবারও বিজিবির একটি দল কয়েকজন সেটলার বাঙালিকে সাথে নিয়ে হাচুক পাড়ায় টহল অভিযান চালিয়েছিল। আজ আবারও একই পাড়ায় অভিযান ও তল্লাশির ঘটনায় পাড়াবাসীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা আরো বৃদ্ধি পেয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments