পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জগপাড়া এলাকায় জেএসএস(সন্তু)-এর সশস্ত্র গ্রুপের
সাথে সেনাবাহিনীর গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে এলাকার
জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকাল আনুমানিক
৪টার সময় পানছড়ি সাবজোন থেকে প্রথমে ৩টি গাড়িতে করে ৩৫-৪০ জন সেনাসদস্য তারাবন এলাকায়
প্রবেশ করে তারাবন সরকারি প্রাথমিক স্কুলে অবস্থান নেয়। পরে সন্ধ্যা ৭টার সময় আরো ৩টি
গাড়িযোগে ৩৫-৪০ জনের সেনাসদস্য একই এলাকায় প্রবেশ করে সমিতি আমবাগান ও রাজকুমার পাড়া
পুরানো ক্যাম্পের টিলায় গিয়ে অবস্থান করে।
অপরদিকে, জেএসএসের সশস্ত্র সদস্যরা কয়েকটি দলে ভাগ হয়ে জগপাড়াসহ তারাবন এলাকার পেত্তো
পাড়া ও সমিতি আম বাগানের কাছাকাছি স্থানে অবস্থান করে রয়েছে। তাদের অবস্থান জানান
দেওয়ার জন্য গতকাল দিবাগত রাত ১টার সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা
গুলি বর্ষণ করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার
সময় সেনাবাহিনীর একটি দল জগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জেএসএস(সন্তু)-এর সশস্ত্র
সদস্যদের সাথে গোপন বৈঠক করেছে। তবে বৈঠকে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে সে বিষয়ে জানা
যায়নি।
সেনাবাহিনী ও জেএসএস সশস্ত্র গ্রুপের গোপন বৈঠক ও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ
সহাবস্থানের কারণে এলাকার জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে, আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে করুণামোহন পাড়া এলাকায় সেনাবাহিনী
ও জেএসএস সশস্ত্র গ্রুপের সদস্যরা একেবারেই কাছাকাছি স্থানে অবস্থান করছে বলে জানা গেছে।
অপরদিকে, রাজকুমার পাড়া পুরানো ক্যম্পের টিলায় অবস্থান করা সেনা সদস্যরা
কথিত ‘সন্ত্রাসী’ খোঁজার নামে বাত্তে পাড়া হয়ে যুবনাশ্ব পাড়ার দিকে যাওয়ার খবর দিয়েছেন স্থানীয়রা। যদিও জেএসএস’র সশস্ত্র সন্ত্রাসীদের সাথে তারা গোপন বৈঠক করছে এবং তাদেরকে দেখেও না দেখার ভাণ করছে।
এলাকাবাসীর আশঙ্কা সেনাবাহিনী ও জেএসএসের সশস্ত্র গ্রুপ মিলে এলাকায় আবারো
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকার জন্য তারা
জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
