![]() |
| জমি দখলকারী মো. সাত্তার ও মো, আনোয়ার। ছবিটি ভিডিও থেকে সংগৃহিত |
লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
রাঙামাটির লংগদু উপজেলার ৪নং ওয়ার্ডের ভাইবোনছড়ায় সেটলার বাঙালি কর্তৃক
এক পাহাড়ির ভোগদখলীয় জমি বেদখলের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক
১২টার সময় আনোয়ার টিলা নামক স্থানে বসবাসকারী সেটলার মো. সাত্তার (৫৫), পিতা: মো জসিম
উদ্দিন ও মো. জয়নাল(৬০), পিতা- অজ্ঞাত ভাইবোনছড়া গ্রামের বাসিন্দা রঞ্জন্যা চাকমা(৭০),
পিতা- মৃত যোগেন্দ্র চাকমা-এর মালিকানাধীন জমিতে প্রবেশ করে জঙ্গল পরিষ্কার করতে শুরু
করে।
জায়গার মালিক বাধা দিতে গেলে সেটলার বাঙালিরা তাকে গালিগালাজ করে ও প্রাণনাশের
হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, বিগত ৫ বছর আগেও সেটলাররা উক্ত জমি বেদখলের চেষ্টা চালিয়েছিল।
পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা দখল করতে পারেনি।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। ভিডিওতে দেখা
যায়, সেটলাররা উক্ত জায়গা পরিষ্কার করার সময় ভিডিও ধারণকারী তাদের কাছ থেকে কেন জায়গা
পরিষ্কার করছেন, কার কাছ থেকে অনুমতি নিয়েছেন জানতে চাইলে সেটলাররা উত্তরে ‘ফসল করার
জন্য’ জায়গা পরিষ্কার করছেন বলে জানায়।
পরে তারা উল্টো ভিডিওধারণকারীকে “তুমি কি এই জমির মালিক?” বলে প্রশ্ন করতে
শোনা যায় ভিডিওতে।
জমির মালিক রঞ্জন্যা চাকমা তাঁর জমিটি বেদখলমুক্ত করে দখলদার সেটলারদের
বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
