![]() |
| প্রতীকী ছবি |
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
রাঙামাটির সাজেক ইউনিয়নের মাজলঙের মন্দিরছড়া এলাকায় আবারো জুমচাষীদের লক্ষ্য
করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা। এতে অল্পের
জন্য প্রাণে রক্ষা পেয়েছেন জুমে ধান কাটতে যাওয়া স্বামী-স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে মাজলঙের থালকুম্ভ
এলাকার বাসিন্দা চিক্কো চকামা (৩৯), পিতা- রাঙামরত্তো চাকমা ও তার স্ত্রী চিপুদি চাকমা
(৩৬) মন্দিরছড়া এলাকায় জুমে ধান কাটতে যান। এরপর সকাল ৮টার দিকে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা
তাদের দিকে লক্ষ্য করে এলোপাতাড়ি ব্রাশফায়ার করতে করতে তাদের জুমের পাহাড়ে উঠে যায়।
এতে তারা স্বামী-স্ত্রী কোন রকমে পালিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
কী কারণে সন্ত্রাসীরা এমন গুলিবর্ষণ করেছে তা জানা যায়নি। তবে এলাকাবাসীর অভিযোগ, সন্ত্রাসীরা কোন একটি নতুন জায়গায় গেলে এভাবে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে থাকে।
এ ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সন্ত্রাসীদের অপতৎপরতা বন্ধের দাবি করেছেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর একই কায়দায় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে মাজলঙ নেয়াপাড়া এলাকায় কস্মিতা
ত্রিপুরা নামে ৮ বছর বয়সী এক শিশু হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হযেছিলেন।
অপরদিকে, গত ৮ অক্টোবর মাজলঙ ব্রীজ পাড়ার শেষ মাথায় স্থানীয় মাজলঙ আর্মি
ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল সন্তু গ্রুপের সন্ত্রাসীদের জন্য দুই বস্তা মালামাল
রেখে দিয়ে আসে বলে এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাদের ভাষ্য মতে, বস্তাগুলোর
ভেতর থেকে সেনারা কিছু প্যাকেট করা জিনিস বের করতে দেখেছেন তারা। সেগুলো গোলাবারুদ
হতে পারে বলে তারা ধারণা করছেন।
উল্লেখ্য, সেনাবাহিনীর প্রত্যক্ষ মদত ও সহযোগিতায় সন্তু গ্রুপের সশস্ত্র
সন্ত্রাসীরা মাজলঙের বিভিন্ন এলাকায় অবস্থান করে সশস্ত্র সন্ত্রাস ও জনণের ওপর উৎপীড়ন
চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাদের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ও তাদেরকে সেখান থেকে সরিয়ে
নেওয়ার দাবিতে সাজেক এলাকাবাসী ইতোমধ্যে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন। তারা ৪৮ ঘন্টার
আল্টিমেটাম দিলেও প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। ফলে আগামীকাল
(১১ অক্টোবর) থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে
সাজেক কাার্বারী এসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
