""

খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলছে আধাবেলা অবরোধ, যান চলাচল বন্ধ


নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রাঙামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকান ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদেরদ ডাকে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় চলছে আধাবেলা সড়ক অবরোধ।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ৫টা থেকে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে সড়কে টায়ার ও গাছের গুড়িতে আগুন জ্বালিয়ে এবং বিক্ষোভ প্রদর্শন করে অবরোধ কর্মসূচি পালন করছেন পিকেটাররা।

অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন চলচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।

অবরোধকারীরা রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া এলাকায়, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ি, কুদুকছড়ি বেতছড়িসহ বিভিন্ন স্থানে, খাগড়াছড়ি শহরের চেঙ্গী ব্রিজ-ফায়ার সার্ভিস ও স্বনির্ভর-পেরাছড়া এলাকা, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকা এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা এলাকায়, পানছড়ি, দীঘিনালা-সাজেক সড়কের জোড়াব্রীজ এলাকা, সাজেক পর্যটন সড়কের বাঘাইহাট ১০ নাম্বার, মাচলং ১৪ কিলোসহ বিভিন্ন সড়ক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এছাড়া, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের সাপমারা এলাকায় গাছ কেটে সড়ক আটকে দেওয়া হয়েছে।


সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বড় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ‌‍“ঢাকা থেকে আসা রাতের বাসগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়ি নিয়ে আসা হয়েছে। কয়েকটি গাড়ি ঢাকা থেকে খাগড়াছড়ি ঢুকতে দেরি হওয়ায় সেগুলো রামগড় আছে, নির্দেশ দেওয়া হয়েছে দুপুর ১২টার পর খাগড়াছড়ি আসতে।”

এখন পর্যন্ত এলাকার পরিস্থিতি শান্ত আছে বলে তিনি জানান।

এদিকে খাগড়াছড়ি শহরের ফায়ার সার্ভিস এলাকায় পিকেটাররা টায়ার জ্বালিয়ে অবরোধ পালন শুরু করলে সেনাবাহিনী তাতে বাধা দেয়ার চেষ্টা করে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ডাকে সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে সেনাবাহিনী হামলা, লাঠিপেটা এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে ওই দিনই ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় এই আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments