""

সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

রাঙামাটির সাজেকের উজোবাজারে শান্তিপূর্ণ অবরোধ পালনকালে সেনা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। অপরদিকে, সাজেক পর্যটন সড়কে অব্যাহত রাখা হয়েছে।   

আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বিকাল ৩টার সময় সাজেকের মাচলং চাপ্পাতুলি এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘যে বাহিনী হামলা করে সে বাহিনী মানি না; সেনাবাহিনীর সন্ত্রাস চলবে না, চলবে না; সাজেকবাসীর অবরোধ চলছে, চলবে; উজোবাজারে হামলা কেন প্রশাসনের জবাব চাই” ইত্যাদি শ্লোগান দেন এবং “সন্ত্রাসীদের মদত দান বন্ধ কর; উজোবাজারে হামলাকারী সেনা সদস্যদের শাস্তি দাও; সন্তু গ্রুপের সশস্ত্র দলদের সরিয়ে নাও; উজোবাজারে সেনাবাহিনীর হামলা নিন্দা জানাই; সন্তু সন্ত্রাসী হুমকি দেয় আর সেনাবাহিনী হামলা চালায়” ইত্যাদি দাবি ও শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মিছিল থেকে তারা অন্যায় দমন-পীড়ন বন্ধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

এর আগে সকাল থেকে সাজেক পর্যটন সড়কের বাঘাইহাট ১০ নম্বর, গঙ্গারাম দোপদা, ২নং কালভার্ট ও মাচলং চাপ্পাতুলিসহ কয়েকটি জায়গায় সড়কে টায়ার জ্বালিয়ে শান্তিপূর্ণ অবরোধ পালন করা হয়। গত ২২ অক্টোবর থেকে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ পালিত হচ্ছে।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর নিরাপত্তা বাহিনীর মদদে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা (যেগুলো প্রশাসন মেনে নিয়েছিল) বাস্তবায়নের দাবিতে  সাজেকের উজোবাজারে শান্তিপূর্ণ অবরোধ পালনকালে সেনাবাহিনী অবরোধকারী জনতার ওপর হামলা, লাঠিপেটা, দোকানপাট ভাঙচুর-লুটপাট ও গুলিবর্ষণ করে। এতে কয়েকজন গুরুতর আহতসহ এলাকার ৭০ জনের অধিক নারী-পুরুষ আহত হন।  



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments