""

সাজেকের ভুয়োছড়িতে বৌদ্ধ বিহারের মাঠে বাঙ্কার বানিয়ে সন্তুগ্রুপের সশস্ত্র সদস্যদের অবস্থান, জনগণ আতঙ্কে


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

রাঙামাটির সাজেক ইউনিয়নের ভুয়োছড়ি দশবল বৌদ্ধ বিহারের মাাছে জেএসএস সন্তুগ্রপের সশস্ত্র সদস্যরা বাঙ্কার বানিয়ে অবস্থান করছে। এতে স্থানীয় সাধারণ জনগণ, বিহারে অবস্থানরত ভিক্ষু এবং এলাকার দায়ক-দায়িকাদের মধ্যে আতঙ্ক ও অস্বস্তির মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা সেখানে অবস্থান নেয়ার পর এলাকার জনগণকে বিহারে যেতে বারণ করে। অবশ্য বর্তমানে তারা বিহারে যেতে দিচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাদের সশস্ত্র অবস্থানের কারণে এলাকার জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিহারে অবস্থানরত ভিক্ষু ও এলাকার দায়ক-দায়িকারা আতঙ্ক ও অস্বস্থির মধ্যে রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক মুরুব্বী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “বিহার একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান। সেখানে সশস্ত্রভাবে অবস্থান করা বেমানান ও ধর্মীয় পরিহানির সামিল। তাই অতিদ্রুত তাদের বিহার এলাকা ত্যাগ করা উচিত।”

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল ভুয়োছড়ি এলাকায় প্রবেশ করে। এরপর থেকে তারা সেখানে অবস্থান করে জনগণের মোবাইল ফোন কেড়ে নেওয়া, সহায়-সম্পত্তি নষ্ট করে দেওয়া, হুমকি প্রদান, জুম খেত-ধান ভাঙার মেশিন ও যন্ত্রচালিত বোটসহ বিভিন্ন খাত থেকে বেপরোয়াভাবে চাঁদা আদায়সহ নানা উৎপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে তাদের অত্যাচারে এলাকার জনগণ চরম অতিষ্ঠ হয়ে উঠেছেন।

এদিকে, সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সন্ত্রাস ও উৎপাতের বিরুদ্ধে এবং তাদেরকে সরিয়ে নেওয়ার দাবিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের নেতৃত্বে সাজেকবাসীর আন্দোলন অব্যাহত রয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments