স্বাধীনতার ৫৪ বছরেও বাহান্নর ভাষা আন্দোলনের চেতনার প্রতিফলন ঘটেনি : অমল
ত্রিপুরা
ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
করেছে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে আপোষহীন ছাত্র সংগঠন
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৪) প্রথম প্রহরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পাহাড়ি ছাত্র পরিষদের
কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা, সাংগঠনিক সম্পাদক রোনাল
চাকমা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রূপসী চাকমা ও ঢাকা শাখার সহ-সভাপতি বিজয়
চাকমা, সাধারণ সম্পাদক বাহাদুর ত্রিপুরাসহ পিসিপির নেতা-কর্মী, সমর্থকসহ সাধারণ শিক্ষার্থীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে মুষ্টিবদ্ধ হাতে স্যালুট প্রদান করেন।
এসময় বিভিন্ন টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়ায় সাক্ষাৎকারে পিসিপি’র সভাপতি অমল ত্রিপুরা বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনা আজও সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরেও এদেশের বাঙালি ভিন্ন ৫০টির অধিক জাতিসত্তা নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার থেকে বঞ্চিত। তাদের ভাষাগুলো সংরক্ষণের রাষ্ট্রীয়ভাবে তেমন কোন উদ্যোগ নেই। ফলে ধীরে ধীরে অনেক ভাষা হারিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৭ সালে ৫টি জাতিসত্তার
ভাষায় (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদ্রী) প্রাক-প্রাথমিকে শিক্ষা কর্মসূচি চালু
করা হয়েছিল। কিন্তু এতে পর্যাপ্ত শিক্ষক নেই এবং নিয়োগ পাওয়া শিক্ষোকদের যথাযথ কোন
প্রশিক্ষণের কোন ব্যবস্থা করা হয়নি। ফলে অনেক শিক্ষক শিক্ষার্থীদের সঠিকভাবে বুঝিয়ে
পড়াতে পারছে না।
তিনি কেবল ৫টি জাতিসত্তার ভাষায় নয়, দেশের সকল জাতিসত্তার নিজ নিজ মাতৃভাষায়
প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিতসহ পিসিপির শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি দ্রুত
বাস্তবায়ন, মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষকদের
দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা ও সকল জাতির ভাষা রক্ষণাবেক্ষণের দাবি জানান।
তিনি নিজ নিজ ভাষা-সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় সোচ্চার হওয়ার জন্য ছাত্র
সমাজের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



