লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৯
নং রাঙামাটি সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুটবল মার্কা) পহেল চাকমার সমর্থনে লংগদু
উপজেলার বড় হাড়িকাবা গ্রামের যুবকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এ সভায় উপস্থিত ছাত্র-যুবকরা পহেল
চাকমার প্রতি সমর্থন দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি তাকে ফুটবল মার্কায় ভোট দেবেন বলে
জানান।
সভা আয়োজকরা বলেন, পার্বত্য চট্টগ্রামে চলমান অন্যায়-অবিচারের বিরুদ্ধে
আমাদের নিজস্ব প্রার্থীকে সংসদে পাঠাতে পারা খুবই জরুরী। কারণ জাতীয় দলের প্রার্থীরা
জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলেও জনগণের ওপর চলা অন্যায়-অবিচারের কথা সংসদে তুলে
ধরেন না।
তারা আরও বলেন, জেএসএস(সন্তু) নিজেদের প্রার্থী না দিয়ে বিএনপি’র প্রার্থী
দীপেন দেওয়ানকে সমর্থন দিয়েছে। কিন্তু বিএনপি নির্বাচনী ইশতেহারে পার্বত্য চুক্তি বাস্তবায়নের
কথা বলেনি, পুনর্মূল্যায়নের কথা বলেছে। তার অর্থ হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলেও চুক্তি
বাস্তবায়ন করবে না। কাজেই, জেএসএস’র উচিত বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের কাছ থেকে
সমর্থন তুলে নিয়ে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার পক্ষে অবস্থান নেওয়া।
তারা আগামী ১২ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে ফুটবল মার্কায়
ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
