পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা তিন স্কুলছাত্রকে
ডেকে নিয়ে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে সন্তু গ্রুপের
সশস্ত্র কমাণ্ডার দিঘোল চাকমা (৪০) হুমকি দিয়ে মাচ্ছোছড়া গ্রামের চোখক্কো চাকমার ছেলে ১০ম শ্রেণির
ছাত্র নিশান চাকমা (১৬) ও মরা মাচ্ছোছড়া গ্রামের বাসিন্দা নিরীহ নির্পন চাকমার ছেলে
ধুলো চাকমাকে (ছাত্র) তাদের হেফাজাতে দিয়ে আসার জন্য পরিবারের লোকজনকে মুঠোফোনে কল
করে।
পরে সকাল ১০টার দিকে গ্রামের মুরুব্বীসহ পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা
উক্ত দুই ছাত্র নিশান চাকমা ও ধুলো চাকমাকে সন্তু গ্রুপের সশস্ত্র আস্তানা লোগাং করল্যাছড়িতে
নিয়ে যান। কিন্তু এ সময় সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা মুরুব্বীদের সাথে কোন আলোচনা
না করে ছাত্রদেরকে নিজেদের হেফাজতে রেখে মুরুব্বী ও পরিবারের লোকজনকে বাড়িতে ফেরত পাঠিয়ে
দেন।
অপরদিকে, সীমানা পাড়া থেকে নির্জন চাকমা নামে আরো এক ছাত্রকে সন্তু গ্রুপ
কর্তৃক ডেকে নিয়ে জিম্মি করে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নির্জন চাকমার
সৎ বাবা বিজলি কুমার চাকমা জেএসএস সন্তু গ্রুপের একজন সশস্ত্র সদস্য বলে জানা গেছে।
স্কুলছাত্রদের কী কারণে জিম্মি করে রাখা হয়েছে তার বিস্তারিত জানা যায়নি।
তবে একটি সূত্র মতে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়া মার্কার
সমর্থনে প্রচারণার কাজে যুক্ত থাকার সন্দেহে তাদেরকে জিম্মি করা হয়ে থাকতে পারে বলে
ধারণা করা হচ্ছে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাদের কাউকে ছেড়ে দেওয়া হয়নি।
সন্তু গ্রুপের এমন ন্যাক্কাজনক কর্মকাণ্ডে এলাকার জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা
ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা অবিলম্বে জিম্মি ছাত্রদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গতকাল (১৫ ফেব্রুয়ারি) লোগাং ইউনিয়নের সুখমনি পাড়া থেকে
সবুজ চাকমা (১৫) নামে এক কিশোরকে অপহরণ করেছিল সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা।
তাকেও এখনো ছেড়ে দেয়া হয়নি বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
