""

বাঘাইহাট জোন কমান্ডারের বিরুদ্ধে জনপ্রতিনিধি ও মুরুব্বীদের সঙ্গে উদ্ধত আচরণের অভিযোগ


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাট জোন কমান্ডারের বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধি ও মুরুব্বীদের সঙ্গে উদ্ধত ও অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে। এছাড়া তিনি ‘সাজেকে কলেজ ও হাসপাতাল স্থাপন করতে দেবেন না’- এমন হুমকিও প্রদান করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ ২০২৬, সোমবার বাঘাইহাট জোন কমান্ডার স্থানীয় জনপ্রতিনিধি ও মুরুব্বীদের নিয়ে এক বৈঠক আহ্বান করেন। বৈঠকে সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, সাবেক মেম্বার ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা, গঙ্গারামদোর কার্বারী জ্যোতি লাল চাকমা এবং ৮ নম্বর পাড়ার কার্বারী খূলোমুনি চাকমাসহ কয়েকজন অংশগ্রহণ করতে যান।

বৈঠকে জোন কমান্ডার (নাম জানা যায়নি) তাদের সঙ্গে অত্যন্ত উদ্ধত ও অসম্মানজনক আচরণ করেন। তিনি নতুন জয় চাকমার (গ্রাম প্রধান) প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “তাকে ভালো মানুষ মনে করেছিলেন। তাকে ঘর ঘেরাও করে “অস্ত্রসহ” আটক করার পরও বিনা শর্তে ছেড়ে দিয়েছি। কিন্তু মুক্তি পাওয়ার পর তিনি উজো বাজারে মানববন্ধন করে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।”

জোন কমান্ডারের মতে, নতুন জয় চাকমা “ভালো লোক নন” এবং তিনি “ইউপিডিএফের নেতা ও কমান্ডার”!

উল্লেখ্য, গত ৩ মার্চ সাজেক ইউনিয়নের মাচলঙের শান্তি পাড়ার কার্বারি ও সাজেক কার্বারি এসোসিয়েশনের সদস্য নতুন জয় চাকমা ও তার ছেলে আশাপূর্ণ চাকমাকে সেনাবাহিনী আটক করে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও মুরুব্বীদের তৎপরতা ও জনগণের প্রতিবাদের মুখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

বৈঠকে জোন কমান্ডার বাবুধন চাকমা নামে একজনের উদ্দেশ্যেও ক্ষোভ ঝাড়েন এবং তাকে ‘অশ্রাব্য’ ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে।

বৈঠকের একপর্যায়ে জোন কমান্ডার সাজেকে কলেজ ও হাসপাতাল স্থাপন নিয়ে হুমকির সুরে বলেন, “সাজেক কলেজ ও হাসপাতাল কিভাবে প্রতিষ্ঠা হয় তা আমি দেখে নেব।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। জনপ্রতিনিধি ও মুরুব্বীদের সাথে রাষ্ট্রীয় বাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তার এ ধরনের আচরণে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments