খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৭ মার্চ ২০২৬
খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের
সশস্ত্র সন্ত্রাসীরা এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করেছে। আজ শনিবার (৭ মার্চ ২০২৬) সকালে
এ ঘটনাটি ঘটে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট
(ইউপিডিএফ) এ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক
অংগ্য মারমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি ঘটনার
বর্ণনা দিয়ে বলেন, আজ সকাল সাড়ে ১১টার সময় সন্তু গ্রুপের ১৫-২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী
পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় প্রবেশ করে ওঁৎ পেতে থাকে। এ সময় ইউপিডিএফ সদস্য
আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮) সাংগঠনিক কাজে যাওয়ার পথে তাদের সামনে পড়ে যায়। এতে
সন্ত্রাসীরা তাকে খুব কাছ থেকে ঠাণ্ডামাথায় গুলি করে হত্যা করে।
নিহত আপন ত্রিপুরার পিতার নাম মৃত
কিরণ মুনি ত্রিপুরা। তার বাড়ি ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলার পদ্মিনী পাড়া গ্রামে।
![]() |
| নিহত আপন ত্রিপুরা |
বিবৃতিতে অংগ্য মারমা উক্ত হত্যাকাণ্ডের
ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, সন্তু গ্রুপ দীর্ঘ সময় ধরে পানছড়িতে
খুন, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ
নেয়নি। উপরন্তু তাদেরকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে তারা আজকের এই
হত্যাকাণ্ড সংঘটিত করেছে।
তিনি অবিলম্বে আপন ত্রিপুরার হত্যাকারী
সন্তু গ্রুপের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সাথে তিনি
খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

