![]() |
| নীতিদত্ত চাকমা। সংগৃহিত ছবি |
পানছড়ি (খাগড়াছড়ি), সিএইচটি নিউজ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
খাগড়াছড়ির পানছড়িতে গুলিবিদ্ধ হয়ে নীতিদত্ত চাকমা (৫০) নামে একজনের মৃত্যু
হয়েছে বলে খবর পাওয়া গেছে। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তার বিস্তারিত জানা যায়নি।
তবে আন্তঃকোন্দলের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
আজ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৮টার সময় পানছড়ির সুতকর্মা পাড়া
এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত নীতিদত্ত চাকমা পানছড়ির উত্তর শান্তিপুর এলাকার বর্ণনাতীত চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নীতিদত্ত চাকমা ওই সময় সুতাকর্মা পাড়ার একটি দোকানে
বসে ছিলেন। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এসে তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার
পর তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়
তার মৃত্যু হয় বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নীতিদত্ত চাকমা ইতোপূর্বে রাষ্ট্রীয় বাহিনীর মদদে
শ্যামল কান্তি চাকমা তরুর নেতৃত্বে পরিচালিত ঠ্যাঙাড়ে বাহিনীর সাথে যুক্ত ছিলেন। আন্তঃকোন্দলের
জেরে গত জানুয়ারি মাসে শ্যামল কান্তি চাকমাসহ কয়েকজন দল ছেড়ে অনুগত কিছু সশস্ত্র সদস্যকে নিয়ে পালিয়ে জেএসএস (সন্তু)-এ যোগদান করেন। তবে নীতিদত্ত চাকমাসহ থেকে যাওয়া কিছু সদস্য
শ্যামল কান্তিসহ দলচ্যুত অন্যদের বহিষ্কার করে চার্মিং চাকমাকে আহ্বায়ক করে পুনরায়
ঠ্যাঙাড়ে বাহিনীর কার্যক্রম সক্রিয় রাখেন এবং নীতিদত্ত চাকমাকে পানছড়ি এলাকায় সংগঠক
হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এতেও তাদের মধ্যে পরস্পরের প্রতি সন্দেহ-অবিশ্বাস
দূর হয়নি। জানা গেছে, কয়েকদিন আগে চার্মিং চাকমাকেও বহিষ্কার করে দায়িত্ব থেকে সরিয়ে
দেওয়া হয়েছে।
এলাকাবাসীর ধারণা, নিজেদের মধ্যেকার কোন্দলের জের ধরে নীতিদত্ত চাকমার ওপর
গুলির ঘটনাটি ঘটতে পারে।
এলাকার অপর একটি সূত্র জানিয়েছে, আসন্ন “বিঝু” উৎসবকে সামনে রেখে লটারির
আয়োজনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে আন্তঃকোন্দল দেখা দেয়। এর জের ধরে এ ঘটনাটি ঘটেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
