""

মাটিরাঙ্গার ভগবানটিলা এলাকায় জিওসি’র সফর নিয়ে জনমনে কৌতূহল


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন (চট্টগ্রাম)-এর জিওসি মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন ভগবানটিলা এলাকায় সফর করেছেন বলে জানা গেছে। তাঁর এ সফর নিয়ে স্থানীয় জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে।  

স্থানীয়রা জানান, আজ বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টার সময় হেলিকপ্টারযোগে জিওসি ভগবানটিলা বিজিবি ক্যাম্পে নামেন। এ সময় তাঁর সফর সঙ্গী হিসেবে খাগড়াছড়ি ২০৩ রিজিয়ন কমান্ডার, বিজিবি’র খাগড়াছড়ি সেক্টর কমান্ডার, জিএসও-১ (সিআই)সহ অন্যান্যরা ছিলেন।

ভগবানটিলা ছাড়াও তিনি (জিওসি) বিজিবি’র কচুছড়ি মুখ বিওপি এলাকাও পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

হঠাৎ করে জিওসি’র এই সফরকে কেন্দ্র করে স্থানীয় জনমনে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভগবান টিলা ও বান্দরসিং পাড়ার বিজিবি ক্যাম্পের আশে-পাশের এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র একটি সশস্ত্র দল অবস্থান করছে। গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে কচুছড়ি মুখ বিওপি’র অধীন বৌদ্ধমনিপাড়া কাঠালতলী এলাকা থেকে বিজিবি’র একটি টহল দল জেএসএস(সন্তু)-এর সশস্ত্র গ্রুপের জন্য নিয়ে আসা ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করে। পরে উদ্ধারকৃত গোলাবারুদ বিওপিতে নিয়ে যাওয়ার সময় জেএসএস-এর একদল সশস্ত্র সদস্য বিজিবি টহল দলকে ঘেরাও করে জব্দকৃত গোলাবারুদ ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় বলে বিজিবি’র সূত্রে জানা যায়। তবে এ ঘটনায় জড়িত জেএসএস(সন্তু)-এর সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ নেওয়া হয়নি। 

বিজিবি’র গোলাবারুদ উদ্ধার। সংগৃহিত ছবি

এদিকে, জিওসি’র ভগবানটিলা এলাকায় সফরের সময়ও জেএসএস(সন্তু)-এর সশস্ত্র সদস্যরা সে এলাকায় অন্তত ৭টি স্থানে অবস্থান করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের অবস্থানের জায়গাগুলো হলো:

১। ভগবান টিলা বিজিবি ক্যাম্পের উত্তর দিকে আমগাছ এলাকার ছবলেং রাস্তার মাথায়;

২। ভগবান টিলা বিজিবি ক্যাম্পের উত্তর দিকে বেলগাছতলা এলাকায়;

৩। ভগবানটিলা বিজিবি ক্যাম্প সংলগ্ন রিপন চাকমার খামার বাড়ি এলাকায়;  

৪। ভগবান টিলা দোকান সংলগ্ন সুখ্যমনি চাকমার বাড়ির পাশে;

৫। বন্দরসিং পাড়ায় ধনমনি চাকমার বাড়ির পাশে;

৬। বগাপাড়ায় ভগবান চাকমার বাড়ির পাশে;

৭। বগাপাড়ায় রিতা বাপ নামে এক ব্যক্তির বাড়ির পাশে।

আরো উল্লেখ্য যে, পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত চালিয়ে যাওয়ার শর্তে গত ৩ মার্চ দিবাগত রাতে মাটিরাঙ্গা সেনা জোনের একদল সেনাসদস্য ভগবানটিলা এলাকায় অবস্থানরত জেএসএস(সন্তু)-এর সশস্ত্র সদস্যদের জন্য অন্তত ২ হাজার রাউন্ড গুলি সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে। 

আজকের জিওসির ভগবানটিলা এলাকায় সফর বিজিবি’র গোলাবারুদ উদ্ধারের ঘটনা তদন্ত নাকি অন্যকিছু সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তবে জিওসি’র সফরকালেও জেএসএস’র সশস্ত্র লোকজন বহাল তবিয়তে অবস্থান করায় স্থানীয়রা বিষয়টিকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন।

এলাকার এক মুরুব্বী নাম প্রকাশ না করার শর্তে বলেন, জিওসি’র মতো একজন উর্ধ্বতন সেনা কর্মকর্তার সফরের সময়ও জেএসএস(সন্তু)-এর সশস্ত্র সদস্যরা তাদের স্ব স্ব অবস্থানে ছিলেন। কাজেই, এতে কোন লুকোচুরি খেলা আছে কিনা তা নিয়ে জনমনে নানা কৌতূহল ও সন্দেহের সৃষ্টি হয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments