![]() |
| সংগৃহিত ছবি |
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৫
রাঙামাটির সাজেক কলেজে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনে সেনাবাহিনীর বাঘাইহাট
জোন থেকে বাধা প্রদানের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সাজেক কলেজে ৫৫তম
স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত
হওয়ার কথা ছিল। তবে সভা শুরুর ঠিক আগ মুহূর্তে বাঘাইহাট জোনের এফএস মো. জসীম উদ্দিন
কলেজ পরিচালনা কমিটির সদস্য বাবুধন চাকমাকে ফোন করে ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন
করা যাবে না’ বলে সাফ জানিয়ে দেন।
এ সময় তিনি বিষয়টি সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমার কাছ থেকে
জেনে নেয়ার কথা জানিয়ে বলেন, “দাদা সব জানেন”।
বাঘাইহাট জোন থেকে এমন নির্দেশ আসার কারণে সাজেকে ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা সভায়
যাননি। ফলে ভয়ে শুভ শান্তি মেম্বার, জ্যোতি লাল কার্বারীসহ অন্যান্যরাও সভায় অংশগ্রহণ
থেকে বিরত থাকতে বাধ্য হন। আর এতে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভাটি পণ্ড হয়ে যায়।
স্বাধীনতা দিবসের মতো একটি জাতীয় দিবস উদযাপনে সেনাবাহিনীর পক্ষ থেকে এমন বাধাদানের
ঘটনা এলাকায় আলোচনা, উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি করেছে।
তবে বাঘাইহাট জোন কর্তৃপক্ষের সরাসরি নির্দেশে এফএস জসীম উদ্দীন এই বাধা
প্রদান করেছেন কি-না এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া
যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
