![]() |
| শতাব্দী চাকমা |
রাঙামাটি, সিএইচটি নিউজ
শনিবার, ২০ জুন, ২০২৬
রাঙামাটির নান্যাচর উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে সরকারি প্রাইমারি
স্কুলের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায়
এ ঘটনা ঘটে।
শতাব্দী চাকমা নান্যাচরের রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
এবং রাঙামাটি জেলা সদরের ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা মৃত রবীচন্দ্র
চাকমার মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে রাঙামাটি
থেকে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করেন শিক্ষিকা শতাব্দী চাকমা।
পথে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় সিএনজিচালিত
অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় রাস্তার পাশের একটি জাম গাছ থেকে জাম পাড়ার চেষ্টা
করেন। এ সময় কাঁচা বাঁশ ব্যবহার করে জাম পাড়তে গেলে অসাবধানবশতার কারণে বাঁশটি বিদ্যুতের
তারে স্পর্শ লাগলে তিনি বিদ্যুতায়িত হন।
পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাঙামাটি সদর হাসপাতালের
জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা
করেন।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর বলেন, ওই
শিক্ষিকাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) জসিম উদ্দিন। তিনি এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
