""

মধুপুরে পরিত্যক্ত কূপ থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ গারো সম্প্রদায়ের ৪ জনের মৃত্যু

এই কূপ থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়েছে। ছবি: আজকের বাংলাদেশ


অন্য মিডিয়া ডেস্ক, সিএইচটি নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চল ঘেঁষা টেলকি এলাকায় এক মর্মান্তিক ট্র্যাজেডি ঘটে গেছে। একটি পরিত্যক্ত টয়লেটের কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে বাবা-ছেলেসহ গারো সম্প্রদায়ের চারজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২০ জুন ২০২৬) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন টেলকি বাজার এলাকায় এই হাহাকার ছড়ানো ঘটনা ঘটে।

নিহতরা সবাই স্থানীয় গারো সম্প্রদায়ের। তারা হলেন— টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ১২ বছরের সন্তান নেইমার ম্রং, এলাকার জামাতা গ্যাব্রিয়েল (৪০) এবং প্রতিবেশী যুবক রতন নকরেক (২৭)। একই পরিবারের দুজনসহ চার তরতাজা প্রাণের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনরা।

স্থানীয় সাবেক ইউপি সদস্য লাল মিয়া এবং এলাকাবাসী জানান, শনিবার সকালে বাবুল হাদিমার একটি ছাগলের বাচ্চা টেলকি বাজারের উত্তর-পশ্চিম পাশে মসজিদসংলগ্ন একটি গভীর ও পরিত্যক্ত টয়লেটের কূপে পড়ে যায়।

ছাগলছানাটিকে বাঁচাতে প্রথমে ওই অন্ধকার কূপে নেমে যায় কিশোর নেইমার ম্রং। কিন্তু ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে সে মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলে।

বেশ কিছুক্ষণ ছেলের কোনো সাড়াশব্দ না পেয়ে উদ্বিগ্ন বাবা বাবুল হাদিমা নিজেই কূপে নামেন। তিনিও আর ফিরে না আসায় এবং কোনো সাড়া না মেলায় একে একে তাদের বাঁচাতে কূপে নামেন স্বজন গ্যাব্রিয়েল ও প্রতিবেশী রতন নকরেক।

চারজনের কেউই আর কূপ থেকে ওপরে ফিরে আসতে পারেননি। কূপে নামা সবার কোনো হদিস না পেয়ে স্থানীয়রা চিৎকার ও ডাকাডাকি শুরু করেন। পরে বেগতিক দেখে আশপাশের লোকজন দ্রুত ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সকাল ৯টার দিকে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কূপে অক্সিজেনের তীব্র স্বল্পতা ও বিষাক্ত গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়ে ফায়ার ফাইটার মনির হোসেন বিশেষ সুরক্ষাসামগ্রী (Oxygen Mask ও Safety Gear) নিয়ে কূপে নামেন। এরপর একে একে চারজনের নিথর দেহ কূপ থেকে ওপরে তুলে আনা হয়।

মধুপুর ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিত্যক্ত টয়লেটের কূপ বা ট্যাংক দীর্ঘদিন বন্ধ থাকায় সেখানে প্রাণঘাতী মিথেন ও কার্বন মনোক্সাইড গ্যাসের সৃষ্টি হয়েছিল। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়া সেখানে নামার কারণেই অক্সিজেনের অভাবে ও বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিস মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হচ্ছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরিসহ পরবর্তী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, একসঙ্গে চার প্রতিবেশীর এমন করুণ মৃত্যুতে পুরো টেলকি গ্রামে এখন শুধুই কান্নার রোল। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মধুপুরের বাতাস।

সূত্র: আজকের বাংলাদেশ



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments