
সুবীর ভৌমিকের সাক্ষাৎকারটি গ্রহণ করেন কিকো দেওয়ান।
অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার প্রখ্যাত সাংবাদিক, নিরাপত্তা বিশ্লেষক ও উত্তর-পূর্ব ভারতের
বিদ্রোহী তৎপরতাবিষয়ক বিশেষজ্ঞ সুবীর ভৌমিকের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার করেছে
‘KIKO’ নামের একটি ফেসবুক পেজ। আজ ১৬ নভেম্বর ২০২৬, সোমবার সন্ধ্যার সময় এটি প্রকাশ
কর হয়। সাক্ষাৎকারটি গ্রহণ করেন সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের নেত্রী
কিকো দেওয়ান।
সাক্ষাৎকারে ১৯৮৩ সালে পার্বত্য চট্টগ্রামে শান্তিবাহিনীর লাম্বা-বাধি গৃহযুদ্ধ,
চলমান ভ্রাতৃঘাতী সংঘাত, সন্তু লারমার নেতৃত্ব নিয়ে প্রশ্ন, পার্বত্য চট্টগ্রামের বর্তমান
পরিস্থিতি এবং বাংলাদেশ সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর নীতিগত অবস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ
বিষয় উঠে এসেছে।
সম্প্রতি বাধি দলের নেতা ভবতোষ দেওয়ানের মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে
লাম্বা-বাদি গৃহযুদ্ধের ইতিহাস ও এর নেপথ্যের কারণ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য
চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সহসভাপতি ঊষাতন তালুকদার এমএন লারমার হত্যাকাণ্ডের
সঙ্গে ভবতোষ দেওয়ানের জড়িত থাকার অভিযোগ নাকচ করে বক্তব্য দেন।
এমন প্রেক্ষাপটে সুবীর ভৌমিকের এই সাক্ষাৎকারটি বিশেষ তাৎপর্য বহন করছে
বলে মনে করছেন সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী। বিশেষ করে, লাম্বা-বাধি গৃহযুদ্ধের
সময়কার ঘটনাপ্রবাহ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি হিসেবে সুবীর ভৌমিকের
বক্তব্যকে গুরুত্বের সঙ্গে দেখছেন অনেকে।
সাক্ষাৎকারের একপর্যায়ে উপস্থাপিকা কিকো দেওয়ান আশির দশকে শান্তিবাহিনীর
মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী গৃহযুদ্ধের কারণ জানতে চান। তিনি প্রশ্ন করেন, “আশির দশকে শান্তিবাহিনীর
রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সূত্রপাত কেন হয়েছিল? এর পেছনে মূল কারণগুলো কী ছিল এবং কারা
এর জন্য দায়ী ছিলেন? এই সংঘাতের জন্য কি মূলত ভবতোষ দেওয়ান ও প্রীতি কুমার চাকমাই দায়ী
ছিলেন, নাকি সন্তু লারমার কারামুক্তির পর ফিল্ড কমান্ডারের পদ ও নেতৃত্বের প্রশ্নটিও
গৃহযুদ্ধের অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছিল?”
জবাবে সাংবাদিক সুবীর ভৌমিক বলেন, ‘তিনি নির্দিষ্ট কাউকে এককভাবে দায়ী করতে
চান না। তবে তৎকালীন সামরিক শাসক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কী উদ্দেশ্যে এবং কী শর্তে
সন্তু লারমাকে কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয় বলে মন্তব্য করেন
তিনি।’
সুবীর ভৌমিক বলেন, “শুধু প্রীতিবাবুদের সঙ্গে লম্বা গ্রুপ ও বাধি গ্রুপের
বিরোধই নয়, এর পেছনে আরও অনেক বিষয় ছিল। সন্তু বাবু কী চুক্তি বা সমঝোতার ভিত্তিতে
ফিরে এসেছিলেন, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর একের পর এক বিভিন্ন গোষ্ঠী ও দল তৈরি
হয়েছে। বারবার শান্তিবাহিনী ও জনসংহতি সমিতি বিভক্ত হয়েছে।”
সন্তু লারমার নেতৃত্বের ধরন সম্পর্কে সমালোচনা করে তিনি বলেন, দল পরিচালনা
ও নেতৃত্বের ক্ষেত্রে সন্তু লারমার মধ্যে অনেকটা সামন্ততান্ত্রিক মানসিকতা কাজ করে।
তাঁর কথায়, “ম্যান ম্যানেজমেন্টের ক্ষেত্রে সন্তু বাবু একেবারেই ফিউডেল। অনেকটা গ্রামের
মুরব্বির মতো -আমি যা বলছি, সেটাই হতে হবে - এমন একটি মনোভাব তাঁর মধ্যে রয়েছে।”
সুবীর ভৌমিকের মতে, এটি জুম্ম নেতৃত্বের অন্যতম বড় ব্যর্থতা। তাঁর ভাষ্য
অনুযায়ী, একজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতা হিসেবে সন্তু লারমার দায়িত্ব ছিল দলকে বিভক্তির
পথ থেকে ফিরিয়ে এনে ঐক্যের দিকে এগিয়ে নেওয়া। কিন্তু তিনি সেই দায়িত্ব পালনে চরমভাবে
ব্যর্থ হয়েছেন।
তিনি আরও বলেন, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণের জন্য সন্তু
লারমার সামনে এখনো একটি সুযোগ রয়েছে। অতীতের বিরোধ ও ভুলত্রুটি পেছনে ফেলে যদি তিনি
ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারেন, তাহলে জুম্ম জনগণ তাঁকে গ্রহণ করবে।
তবে দল ও সংগঠনের বিভক্তি অব্যাহত রাখা এবং ইউপিডিএফসহ বিভিন্ন পক্ষের মধ্যে
সংঘাত ও হত্যাকাণ্ড চলতে থাকলে সন্তু লারমা জুম্ম জনগণের নেতৃত্ব দেওয়ার নৈতিক ও রাজনৈতিক
যোগ্যতা হারাবেন বলে মনে করেন সুবীর ভৌমিক।
তিনি বলেন, “এভাবে দল ভাগ করা, একে অপরের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নিজেদের
সন্তানদের হত্যা করার রাজনীতি চলতে থাকলে সন্তু বাবু জুম্ম জনগণের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা
হারাবেন। আমার মনে হয়, এভাবে চলতে থাকলে তিনি আর জুম্ম জাতির নেতৃত্বে থাকার যোগ্য
বলে বিবেচিত হবেন না।”
সুবীর ভৌমিকের এই বক্তব্যে শান্তিবাহিনীর মধ্যেকার অতীতের অভ্যন্তরীণ সংঘাত
এবং বর্তমান বিভাজনের রাজনীতি নিয়ে নতুন করে আলোচনার অবকাশ তৈরি হয়েছে। বিশেষ করে লাম্বা-বাধি
গৃহযুদ্ধের ইতিহাস, নেতৃত্বের দ্বন্দ্ব এবং দীর্ঘদিনের ভ্রাতৃঘাতী সংঘাতের দায় নির্ধারণের
প্রশ্নগুলো আবারও সামনে এসেছে।
*গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করুন এখানে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।