""

কাউখালীতে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে লিফলেট বিতরণ, পথসভা ও মাইকিং


কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে’ রাঙামাটির কাউখালীতে পরিবেশ-প্রকৃতি রক্ষায় জনসচেতনামুলক লিফলেট বিতরণ, পথসভা ও মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ১১টার সময় কাউখালী উপজেলার কচুখালি ক্রীড়া ভবন এলাকায় একত্রিত হয়ে এ কর্মসূচি শুরু করা হয়। কচুখালী থেকে কাউখালী বাজার হয়ে ন্যাইল্যছড়ি এলাকার শীলছড়ি স্কুলে গিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় উপজেলা সদর, উপজেলা নির্বাহী অফিস, কাউখালি বাজার, পোয়াপাড়া, বড়ডলু, ন্যাইল্যছড়ি, তারাবনিয়া স্কুল, বেতবুনিয়া স্কুল, বেতবুনিয়া বাজার, মনাই পাড়া এসব এলাকায় স্থানীয় দোকান ব্যাবসায়ী, গাড়ি চালকসহ বিভিন্ন পেশায় জনমানুষের কাছে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


বিতরণকৃত লিফলেটে বন-প্রাণী, পাহাড় ও প্রকৃতিকে বাঁচানোর এবং নিজ আবাসস্থল নিরাপদ বাসযোগ্য করার আহ্বান জানানো হয়েছে। এতে বর্তমান বিএনপি সরকারের কাছে ৫ দফা দাবি উল্লেখ রয়েছে। দাবিগুলো হচ্ছে- ১. পাহাড় কাটা, বন উজার ও প্রাকৃতিক সম্পদ লুন্ঠন অবিলম্বে বন্ধ করতে হবে!; ২. পার্বত্য চট্টগ্রামে বন, পাহাড়, নদী ঝরনা ও জীববৈচিত্র্যের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ কর!; ৩. পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ করুন, বন উজাড় ও পাহাড় ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন; ৪. প্রকৃতি সংরক্ষণে স্থানীয় পাহাড়িদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে!; ৫. স্থানীয় অধিবাসীদের ভূমি অধিগ্রহণ, উচ্ছেদ ও জবরদস্তির মাধ্যমে পর্যটন, পাঁচ তারকা হোটেল এবং সড়ক নির্মাণ বন্ধ করে টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়ন নীতি গ্রহণ করতে হবে।




সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments