রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ির রামগড় উপজেলার হাচুক পাড়ায় এলাকায় সেনাবাহিনীর একদল সদস্য টহল দেওয়ার সময় স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি গীর্জায় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে প্রবেশ করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে
গুইমারা ব্রিগেড থেকে ১২ জনের একদল সেনা সদস্য রামগড়ের ঢাকা কলোনি নামক এলাকা হয়ে হাচুক
পাড়া এলাকায় যায়। এ সময় মো. ইউনুস নামে স্থানীয় এক সেটেলার বাঙালিও তাঁদের সঙ্গে ছিলেন।
তাঁর বাড়ি রামগড় উপজেলার সোনাই আগা পাড়া এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, টহলকালে সেনারা পাড়ার কয়েকটি বাড়িও ঘুরে দেখেন। পরে তাঁরা
হাচুক পাড়ার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় গীর্জা প্রাঙ্গণে গিয়ে অবস্থান
নেন। এ সময় সেনা সদস্যরা গীর্জা কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে গীর্জার ভেতরে প্রবেশ করেন
এবং সেখান থেকে চেয়ার-টেবিল বের করে ব্যবহার করেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
তাঁদের মতে, ধর্মীয় উপাসনালয় একটি সম্প্রদায়ের প্রার্থনা ও ধর্মীয় কার্যক্রম
পরিচালনার গুরুত্বপূর্ণ স্থান। এখানে ধর্মীয় কিছু রীতি-নীতি রয়েছে। তাই উপাসনালয়ে প্রবেশের
জন্য সেনা সদস্যদের অবশ্যই কর্তৃপক্ষের সাথে আলাপ করা প্রয়োজন ছিল বলে তারা মন্তব্য
করেন।
এছাড়া টহলের সময় পাড়ার নারীদের প্রতি সেনা সদস্যদের দৃষ্টিভঙ্গিগত আচরণ
নিয়েও প্রশ্ন তুলেছেন পাড়াবাসীরা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেনাসদস্যরা পাড়ায় অবস্থানকালে পাড়াবাসীদের কয়েকজন
তাঁদের কাছে টহল ও বাড়িঘর পরিদর্শন করার কারণ
জানতে চান। তবে সেনা সদস্যরা এ বিষয়ে সন্তোষজনক কোন ব্যাখ্যা দেননি বলে পাড়াবাসীরা
জানান।
পরে সকাল ১০টা ১০ মিনিটের দিকে সেনাসদস্যরা সেখান থেকে চলে যান বলে স্থানীয়রা
জানিয়েছেন।
উল্লেখ্য, হাচুক পাড়া এলাকায় প্রতিনিয়ত সেনা ও বিজিবির টহল-তৎপরতা চালানো
হয়ে থাকে। অনেক সময় সেটলার বাঙালিও তাদের সাথে থাকেন। ফলে পাড়াবাসীরা সব সময় আতঙ্কের
মধ্যে থাকতে বাধ্য হন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
