সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচলং এলাকায় জেএসএস সন্তু গ্রুপের
একদল সশস্ত্র সদস্যকে বাজার থেকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ সাধারণ
মানুষ। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) দুপুরে মাচলং বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল স্থানীয় বাসিন্দাদের তাদের জন্য ভাত রান্না
করে দেয়ার নির্দেশ দেয়। তবে গ্রামবাসীরা তাদের এই ফরমান প্রত্যাখ্যান করে ভাত রান্না
করে দিতে অস্বীকৃতি জানায়।
পরবর্তীতে দুপুরে দলটি অস্ত্রসহ মাচলং বাজারে প্রবেশ করে এবং স্থানীয় একটি
হোটেলে খাওয়ার জন্য যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যেখানে সশস্ত্র অবস্থায় দলটি হোটেলে
যায়, তার মাত্র দুই মিনিটের দূরত্বেই মাচলং সেনা ক্যাম্প অবস্থিত। ক্যাম্পের এত কাছে
দিনের আলোতে সশস্ত্র সদস্যদের প্রকাশ্য বিচরণের বিষয়টি নজরে এলেও ক্যাম্পের পক্ষ থেকে
কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন।
সেনাবাহিনীর এই নীরবতা এবং অস্ত্রধারীদের প্রকাশ্য উপস্থিতিতে স্থানীয় বাজারবাসী
ও সাধারণ জনগণ চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ
গড়ে তোলেন এবং সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের বাজার থেকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাজেকর মাচলং এলাকায় সশস্ত্র সন্ত্রাস
চালাতে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের পরোক্ষ ও প্রত্যক্ষভাবে মদদ দিয়ে আসছে রাষ্ট্রীয়
বাহিনীর একটি কায়েমী স্বার্থীবাদী মহল। সেই প্রশ্রয়ের কারণেই নিরাপত্তা চৌকির এত কাছাকাছি
এসেও সশস্ত্র দলটি দিনে-দুপুরে বাজারে প্রকাশ্যে মহড়া দেয়ার সাহস পেয়েছে বলে দাবি করেন
বিক্ষুব্ধ এলাকাবাসী।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
