""

বাঁচানো গেল না সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে


নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

চিকিৎসকদের অক্লান্ত চেষ্টায়ও বাঁচানো গেল না সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেধাবী শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে। প্রায় চারদিন জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত ১১টা ৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর মৃত্যু ঘোষণা করেন। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী, বন্ধু-বান্ধব ও রাবির শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নেমে এসে শোকের ছায়া।

চেসি ত্রিপুরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত সোমবার এক সহপাঠীর আমন্ত্রণে রাজশাহীর বাঘমারায় দুর্গাপূজা অনুষ্ঠানে যান চেসি ও তাঁর কয়েকজন সহপাঠী। সেখান থেকে সন্ধ্যায় অটোরিকশায় করে ক্যাম্পাাসে ফেরার পথে দুর্গাপূর এলাকায় একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিল চেসি ত্রিপুরা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। এতে তাঁর মাথার খুলিতে ভাঙন ও রক্তক্ষরণ হয়। এছাড়া মাথার খুলির টেম্পোরাল অংশ, চোখের কোটর, গালের হাড় এবং ওপরের চোয়ালের হাড়ে একাধিক গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করেন। তাঁকে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে বাঁচানোর জন্য অক্লান্ত চেষ্টা চালিয়ে যান চিকিৎসকরা। কিন্তু তাঁকে আর বাঁচানো গেল না। গতকাল রাত ১১টা ৭ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চেসি ত্রিপুরার অকাল মৃত্যুতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাবি শাখা গভীর শোক প্রকাশ করেছে।

পিসিপি রাবি শাখার সভাপতি উজানী চাকমা ও সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা এক শোকবার্তায় বলেন, চেসি ত্রিপুরার অনাকাঙিক্ষত মৃত্যুতে পবিবার, বন্ধু-বান্ধব, সহপাঠী সকলেই মর্মাহত হয়েছেন। যা ভাষায় প্রকাশ করার মতো নয়। চেসি ত্রিপুরার অকাল মৃত্যুতে পাহাড়িরা হারিয়েছে একজন অত্যন্ত সম্ভাবনাময়ী মেধাকে এবং পিসিপি হারালো একজন শুভাকাঙ্ক্ষী ও একনিষ্ঠ সমর্থককে।

তাঁরা আরো বলেন, চেসি ত্রিপুরার মৃত্যু স্বাভাবিক কোন মৃত্যু নয়। এটি দেশের সড়ক অব্যবস্থাপনা ও বেপরোয়াভাবে যান চলাচলের মারাত্মক চিত্রকে নগ্নভাবে তুলে ধরে। গাড়ি চালকদের অসাবধানতা এবং বেপরোয়া স্বভাবের কারণে দেশে প্রতিনিয়ত এমন অসংখ্য প্রাণহানীর ঘটনা ঘটছে। অথচ সরকারের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। চেসি ত্রিপুরার মৃত্যুর দায় রাষ্ট্র এড়াতে পারে না। অবিলম্বে যে মালবাহী ট্রাকটি চেসি ত্রিপুরার প্রাণ কেড়ে নিয়েছে সেই গাড়ির চালক ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার করতে হবে। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments