""

সাজেকে শর্ত সাপেক্ষে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ৪৮ ঘন্টার জন্য স্থগিত


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের অনির্দিষ্টকালের জন্য ডাকা শান্তিপূর্ণ অবরোধ আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) স্থানীয় সামরিক-বেসামরিক প্রশাসনের অনুরোধে শর্ত সাপেক্ষে ৪৮ ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে।

শর্তগুলো হলো: ১. ৪৮ ঘন্টা সময়ের মধ্যে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে হবে, ২. জেএসএসের সদস্যরা কাউকে মৃত্যুর হুমকি দেবে না ও ৩. সেনা প্রশাসন কর্তৃক সাধারণ নিরীহ জনগণের ঘর-বাড়ি তল্লাশি ও হয়রানি করা যাবে না।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক বিবৃতিতে অবরোধ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উল্লেখিত শর্তগুলো লঙ্ঘন করা হয়ে ৪৮ ঘন্টার পর পুনরায় সড়ক অবরোধ চলবে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি সাজেকের উজোবাজারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ না করায় গতকাল (শনিবার) দুই সংগঠনের পক্ষে নতুন জয় চাকমা ও বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে ১১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দেন।

এই ঘোষণা অনুযায়ী আজ (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে এলাকাবাসীর অংশগ্রহণে অবরোধ কর্মসূচি শুরু করা হয়। অবরোধ সফল করতে সাজেকের উজোা বাজার ও রেতকাবা দ্বপাদা (লাদুমনি বাজার) এলাকায় এলাকার জনতা সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক বন্ধ করে দেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে।

দুপুরে রেতকাবা দ্বপাদা থেকে মিছিল নিয়ে উজোবাজারে যাওয়ার পথে গঙ্গারাম সেনা ক্যাম্পের চেকপোস্টে অবরোধকারী জনতাকে আটকালে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। তবে পরে সেনা কর্মকর্তার সাথে কথা বলে তাদেরকে যেতে দেওয়া হয়। পরে সকল অবরোধকারী জনতা উজোবাজারে রাস্তায় জড়ো হয়ে বসে নানা শ্লোগান দিয়ে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করতে থাকেন।

এক পর্যায়ে বেলা ২টার দিকে সেনাবাহিনী-পুলিশ ও সাংবাদিকসহ পর্যটকদের গাড়ি বহর উজোবাজারে পৌঁছৈ। এ অবস্থায় দীর্ঘ সময় ধরে বাগবিতণ্ডা চলে। অবরোধকারীরা বিভিন্ন শ্লোগান দিয়ে অবরোধ চালিয়ে যান।  



এমতাবস্থায় বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক (টুআইসি) মোহাম্মদ সালমান অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন। এ সময় উজোবাজারে সেনা সদস্যদের দ্বারা তল্লাশি-হয়রানির শিকার হওয়া মিলন চাকমা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান। এছাড়া অনেকে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এতে সেনা টু-আইসি জনগণের প্রশ্নে জবাব দিতে বাধ্য হন। এক পর্যায়ে তিনি (টু-আইসি) ও উপস্থিত প্রশাসনের লোকজন অবরোধকারীদের দেওয়া শর্ত মেনে নিলে পরে তারা অবারোধে অংশগ্রহণকারী জনতার সম্মতিতে ৪৮ ঘন্টার জন্য অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন এবং শর্তগুলো মানা না হলে পুনরায় অবরোধ পালন করা হবে বলে ঘোষণা দেন।

এরপর অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে পর্যটক বহনকারী গাড়িসহ যান চলাচল শুরু হয়।

অবরোধকারী জনতার প্রতিবাদ ও প্রশ্নের জবাব দিতে বাধ্য হন বাঘাইহাট জোনের টু-আইসি মো. সালমান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments