বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
৪৮ ঘন্টা সময়সীমার মধ্যে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ
সাজেকবাসীর ৩ দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হওয়ায় এবং শর্ত বা প্রতিশ্রুতি ভঙ্গ করায়
আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) থেকে আবারো সাজেকে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে
সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন।
আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন
চাকমা ও সাজেক কারবারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক
যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেন।
দুই সংগঠনের নেতৃদ্বয় বলেন, সাজেকের মাচলঙ এলাকার বিভিন্ন স্থানে অবস্থান
করে সন্ত্রাস সৃষ্টিকারী জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে আমরা গত
১১ অক্টোবর ২০২৬ সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করেছি। ওই দিন প্রশাসন ৪৮ ঘন্টা
সময়ের মধ্যে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ আমাদের তিন দফা দাবী মেনে
নেওয়ার আশ্বাস দিয়েছিল। যার কারণে আমরা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ৪৮ ঘন্টার জন্য স্থগিত
করেছিলাম। কিন্তু গতকাল ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও আমাদের দাবিগুলো বাস্তবায়ন হয়নি। উপরন্তু
গতকাল সেনাবাহিনীর সদস্যরা মাচলঙের চিল্ল্যাতুলি গ্রামে মিয়্যো চাকমা নামে এক সাধারণ
গ্রামবাসীর ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা ঘটনার তীব্র নিন্দা
ও প্রতিবাদ জানাচ্ছি।
নেতৃদ্বয় জেএসএসের সশস্ত্র সদস্যরা এখনো আগের অবস্থানগুলোতেই রয়েছে উল্লেখ
করে বলেন, তারা মাচলঙ এলাকার থালকুম্ভো, চিল্ল্যাতুলি, নোয়াপাড়া, লাম্বাবাক ও ভুয়োছড়ি
এলাকায় প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে, জনগণকে হুমকি, ভয়-ভীতি দেখাচ্ছে এবং গ্রামবাসীদের
মোবাইল ফোন কেড়ে নিচ্ছে। সেনাবাহিনী লোকদেখানো অভিযান চালালেও তাদের বিরুদ্ধে কোনো
পদক্ষেপ নিচ্ছে না।
এমতাবস্থায় এলাকার জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে এবং জেএসএসের সশস্ত্র
সদস্যদের সন্ত্রাস ও উৎপাত বন্ধ করার জন্য তাদেরকে উক্ত এলাকা থেকে সরিয়ে না নেওয়া
পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এ লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে সাজেকে
আবারো সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি
চলবে।
অবরোধ চলাকালে জরুরী ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরী
ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের
গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে নেতৃদ্বয় বিবৃতিতে উল্লেখ করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় এলাকাবাসী-সহ সংশ্লিষ্ট সকলকে কর্মসূচি সফল করার আহ্বান
জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
