বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সাজেকের মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারাদেশে সনাতন
ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান
জানিয়ে সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকা সাজেক পর্যটন
সড়ক অবরোধ কর্মসূচি আগামীকাল ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সাজেক কার্বারী এসোসিয়েশন সভাপতি নতুন
জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত
এক বিজ্ঞপ্তিতে এই সড়ক অবরোধ স্থগিতের কথা জানান।
বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, আগামীকাল থেকে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের
দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। সাজেক মাচলং বাজারেও এই উৎসব পালন করা হবে। তাই সাজেক
মাচলং বাজার পূজা উদযাপন কমিটির অনুরোধে এবং এই ধর্মীয় উৎসবকে যথাযথ মর্যাদা ও সম্মান
জানিয়ে দুই সংগঠনের ডাকা সড়ক অবরোধ আগামীকাল ১৬ অক্টোবর হতে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত
স্থগিত করা হয়েছে।
তারা বলেন, দুই সংগঠনের এই অবরোধ কর্মসূচি কোন দলের প্রভাবে পালন করা হচ্ছে
না কিংবা কোন জাতি, ধর্ম, বর্ণ মানুষের বিরুদ্ধেও নয়। এই কর্মসূচি সাজেকবাসীর নিরাপত্তা
ও জানমাল রক্ষার্থে ডাকা হয়েছে। সুতরাং প্রশাসন সাজেকবাসীর দাবি পূরণ না করলে দুর্গোৎসবের
পর পুনরায় এই কর্মসূচি পালন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যথা সময়ে কর্মসূচি বিষয়ে
জানিয়ে দেওয়া হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় কোনো প্রকার কালক্ষেপণ না করে অতি দ্রুত দুই সংগঠন ও
সাজেকবাসীর তিন দফা দাবি/শর্ত বাস্তবায়ন করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের
প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
এদিকে, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন
চাকমা সংগঠনের পেইজে লাইভে এসে অবরোধ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পরবর্তীতে
যাতে আর কোন অবরোধ কর্মসূচি পালন করতে না হয় সেজন্য তাাদের তিন দফা দাবি বাস্তবায়ন
করতে প্রশাসনকে আহ্বান করেছেন।
দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালন
গতকাল দুই সংগঠনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে সাজেক পর্যটন সড়কে দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে বাঘাইহাট ১০ নম্বর,
হাজাছড়া, গঙ্গারাম উজোবাজার এলাকা ও মাচলঙ ১৪ কিলোসহ কয়েকটি স্থানে সড়কে টায়ার ও বাঁশ-গাছের
গুড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। অবরোধের কারণে জরুরী সেবায় নিয়োজিত যানবাহন ব্যতীত
সড়কে অন্যান্য যান চলাচল বন্ধ ছিল।
উল্লেখ্য, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া ও তাদেরকে
নিরাপত্তা বাহিনীর মদতদান বন্ধের দাবিতে ৪৮ ঘন্টার সময়সীমা শেষে গত ১১ অক্টোবর অনির্দিষ্টকালের
সড়ক অবরোধ শুরু করা হলে ওই দিন বিকালে প্রশাসন সাজেকবাসীর ৩ দফা দাবি/শর্ত মেনে নিলে
আবারো ৪৮ ঘন্টার জন্য সড়ক অবরোধ স্থগিত করা হয়।
তাদের তিন দফা দাবি বা শর্তগুলো হচ্ছে- ১. ৪৮ ঘন্টা সময়ের মধ্যে জেএসএস
সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে হবে, ২. জেএসএসের সদস্যরা কাউকে মৃত্যুর
হুমকি দেবে না ও ৩. সেনা প্রশাসন কর্তৃক সাধারণ নিরীহ জনগণের ঘর-বাড়ি তল্লাশি ও হয়রানি
করা যাবে না।
উক্ত তিন দফা দাবি/শর্ত বাস্তবায়ন না হওয়ায় বুধবার (১৪ অক্টোবর) এক যৌথ
বিবৃতিতে বৃহস্পতিবার থেকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়, যা কাল থেকে
২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

