""

পানছড়িতে ইউপিডিএফের এক সদস্যের পরিবারকে উচ্ছেদের অভিযোগ জেএসএস সন্তু গ্রুপের বিরুদ্ধে


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ৮ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাতালমণি পাড়ায় ইউপিডিএফ সদস্য পূর্ণলাল ত্রিপুরা (৩৪), পিতা: কুসুমছা ত্রিপুরার পরিবারকে নিজ বাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে। 

এ বিষয়ে পূর্ণলাল ত্রিপুরার স্ত্রী জলিকা ত্রিপুরার(৩০) সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ১০-১২ দিন ধরে নিজ বাড়ি থেকে বিতাড়িত, নিঃস্ব হয়ে অন্যের বাড়ির উঠানে অবস্থান করছি। জেএসএস সদস্যরা আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র/সরঞ্জামসহ কোনকিছু নিতে দেয়নি।” 

তিনি আরও বলেন, “আমাদের বাড়িটা একটু উচু জায়গায় (পাহাড়) হওয়াতে জেএসএসের ২০-৩০ জন সশস্ত্র সদস্য প্রথমে তাঁবু খাটিয়ে বাড়ির উঠানে রাত্রিযাপন করতেন। পরে রান্না ঘরে ও এরপর মূল বাড়িতে তারা রাত্রিযাপন করা শুরু করেন। শুরুতে তারা আমাকে হুমকি-ধমকি দিয়ে কথাবার্তা বলতেন। পরে তারা আমার স্বামী পূর্ণলাল ত্রিপুরাকে এনে দেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ প্রয়োগ করতে থাকেন। তাই আমি একজন নারী হিসেবে নিজের নিরাপত্তায় আমার নাবালক ৪ সন্তানকে নিয়ে বাধ্য হয়ে ভয়ে বাড়ি ছেড়ে গ্রামের প্রতিবেশীদের আশ্রয়ে অবস্থান করছি।”

তিনি অসহায়ত্ব প্রকাশ করে বলেন, “আজকেও আমি আমার ছেলেকে বাড়ি থেকে গরম কাপড় (লেপ, কম্বল) আনার জন্য পাঠিয়েছি। কিন্তু তারা আনতে দেয়নি, খালি হাতে ফিরিয়ে দিয়েছে। ফলে এখন আমি এই শীতের সময়ে সন্তুানদের নিয়ে খুবই কষ্টে অন্যের বাড়ির উঠানে খোলা আকাশের নিচে বসবাস করছি।”

উল্লেখ, গত ২১ অক্টোবর জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা কাতালমণি পাড়ায় হানা দেয়। সে সময় তারা সাধারণ পাড়াবাসীদের বিভিন্নভাবে হুমকি প্রদান করতে থাকেন। পাড়াবাসী ছাড়া অন্য কাউকে পাড়ায় প্রবেশ করতে বাধা প্রদান করে এবং পাড়াবাসীদের স্বভাবিক চালচলনে বিভিন্ন নিয়ম বেঁধে দেয়। পুরো পাড়াবাসীকে এক প্রকার জিম্মি করে তারা চার ভাগে বিভক্ত হয়ে পাড়াটি ঘিরে অবস্থান করছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সেনাবাহিনী জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতা প্রদান করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।  


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments