![]() |
| গত ১০ নভেম্বর ২০২৬ সেনাবাহিনীর সদস্যরা সাইনবোর্ডটি লাগিয়ে দেয়। |
মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জয়সেন পাড়ায় পাহাড়িদের মালিকানাধীন
রেকর্ডীয় জমির ওপর প্রবেশ নিষেধাজ্ঞা দিয়ে সেনাবাহিনীর মহালছড়ি জোন কর্তৃপক্ষের লাগানো সাইনবোর্ডটি তুলে
নেওয়া হযেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল (১৫ নভেম্বর ২০২৬) রাতে সেটি তুলে নেওয়া হয়
বলে স্থানীয়রা জানিয়েছেন।
এর আগে গত ১০ নভেম্বর মহালছড়ি জোন কমান্ডারের নেতৃত্বে একদল সেনা সদস্য
“সাইনবোর্ডটি লাগিয়ে দেয়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি
হয়।
এরপর গত ১৪ নভেম্বর মহালছড়ি ভূমি রক্ষা কমিটির উদ্যোগে এলাকাবাসী পাহাড়ি
গ্রামবাসীদের রেকর্ডীয় জমিতে বাড়ি নির্মাণ ও বাগান-বাগিচা করতে বাধাদানের প্রতিবাদে
এবং অবৈধ কর্তৃপক্ষের প্রবেশ-নিষেধাজ্ঞা সম্বলিত অবৈধ সাইনবোর্ড তুলে নেওয়ার দাবিতে
বিক্ষোভ মিছিল করেন। তারা অবিলম্বে উক্ত সাইনবোর্ডটি তুলে নিয়ে তাদের রেকর্ডীয় জায়গায়
ঘরবাড়ি নির্মাণ ও বাগান-বাগিচা করতে উন্মুক্ত করে দেওয়ার জোর দাবি জানান।
![]() |
| গত ১৪ নভেম্বর মহালছড়ি ভূমি রক্ষা কমিটির উদ্যোগে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। |
এর পরদিন অর্থাৎ গতকাল (১৫ নভেম্বর) বিকালে জমির মালিকদের উপস্থিতিতে মহালছড়ি
উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার শিবু দাশ,
মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমাসহ স্থানীয় হেডম্যান, কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন। বৈঠকে বিতর্কিত সাইনবোর্ডটি তুলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়
বলে জানা যায়। উক্ত সিদ্ধান্ত মোতাবেক সেদিন রাতেই সাইনবোর্ডটি তুলে নেওয়া হয় বলে স্থানীয়রা জানান।
উল্লেখ্য, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ৪ নং মাইসছড়ি ইউনিয়নের জয়সেন পাড়া
নামক স্থানে ১৯৬৪/৬৫ সালে বন্দোবস্তিকৃত পাহাড়িদের ১৭ একর জমি বেদখল করার উদ্দেশ্যে
২০২২ সালের ৫ জুলাই সেনাবাহিনীর সহায়তায় সেটলার বাঙালিরা সেখানে বসবাসকারী পাহাড়িদের
ঘরবাড়ি অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এরপর সেখান থেকে পাহাড়িদের উচ্ছেদ করে উক্ত জায়গার
পাশে একটি সেনাক্যাম্প স্থাপন করা হয়। পরবর্তীতে সেনাবাহিনী পাহাড়িদেরকে ওই জায়গায়
প্রবেশ, ঘরবাড়ি নির্মাণ ও বাগান-বাগিচা সৃজনে বাধা প্রদান করে। ফলে পাহাড়িরা আর সেখানে
যেতে পারেননি।
উক্ত ঘটনার পর উল্টো সেটলার বাঙালিরা পাহাড়িদের বিরুদ্ধে খাগড়াছড়ি আদালতে
একটি দেওয়ানি মামলা (মামলা নং-১২৪/২০২২) মামলা দায়ের করে। তবে মামলার শুনানীতে বাদী
পক্ষ তথা সেটলার বাঙালিরা আদালতে উপস্থিত না হওয়ার কারণে খাগড়াছড়ি জেলা যুগ্ম জজ আদালত
গত ৩/২/২৫ তারিখে মামলাটি খারিজের আদেশ দেন (যার আদেশ নং-১৫)।
আদালত মামলা খারিজ করে দেওয়ার পর উক্ত জায়গায় পাহাড়িরা নতুন করে ঘরবাড়ি
নির্মাণ, চাষাবাদ ও বাগান-বাগিচা করার প্রস্তুতি নিতে গেলে গত ১০ নভেম্বর ২০২৬, সকালে
মহালছড়ি সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মো. আল জাবির আসিফ ও জয়সেন পাড়া টিওবি ক্যাম্প
কমান্ডার মো. মিজান মিয়া-এর নেতৃত্বে ১৮-২০ জন সেনা সদস্য উক্ত জায়গায় প্রবেশ নিষেধাজ্ঞা
দিয়ে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। সাইবোর্ডে তারা লিখে দেয়, “এই জায়গার মামলা নিষ্পত্তি
না হওয়া পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ নিষেধ –আদেশক্রমে, মহালছড়ি জোন”। অথচ গত বছর
আদালত উক্ত মামলাটি খারিজ করে দিয়েছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

