সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সাধারণ জনগণের ওপর সেনাবাহিনীর নিপীড়ন-হয়রানি
অব্যাহত রয়েছে। গতকাল বুধবার (১১ নভেম্বর ২০২৬) ও আজ বৃহস্পতিবার সেখানে সেনাবাহিনীর
সদস্যরা অন্তত দুই নিরীহ গ্রামবাসীর বাড়ি ঘেরাও-তল্লাশিসহ হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (বুধবার) রাত ১০টার সময় বাঘাইহাট সেনাজোন
হতে দুইটি পিকআপ ও একটি ডাম্পার গাড়িতে করে আনুমানিক ৬০ থেকে ৭০ জন সেনা সদস্য সাজেক
ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বালুঘাট বনানী বনবিহার এলাকায় হানা দেয়। এ সময় তারা বালুঘাট
গ্রামের বাসিন্দা ধন চাকমা (৪৫), পিতা: নিরতি মোহন চাকমা-এর বাড়ি ঘেরাও করে। পরে তারা
তাকে নানা জিজ্ঞাসাবাদ করে হয়রানি করে।
এরপর তারা একই গ্রামের আরেক বাসিন্দা চুয়ান্ন্যা চাকমা (৩০), পিতা: নির্মল
চাকমার বাড়ি ঘেরাও করে এবং তার বাড়ির ভিতর ঢুকে তল্লাশি চালায়। তবে অবৈধ কোন কিছু না
পেয়ে পরে সেনা সদস্যরা ভিতর রেতকাবা এলাকায় হানা দেয়। সেখানে ঘন্টাখানিক তৎপরতা চালানোর
পর বাঘাইহাট জোনে ফিরে যায়।
অপরদিকে, আজ বৃহষ্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার সময় দুইটি পিকআপে করে
বাঘাইহাট জোনের একদল সেনা সদস্য আবারো বালুঘাট গ্রামের ধন চাকমার বাড়িতে হানা দেয়।
এ সময় তারা তাকে বাড়ি থেকে উঠানে বের করে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে এবং সাজেক গণ অধিকার
রক্ষা কমিটির নেতা জিকো চাকমা বলে তাকে মারধর করতে উদ্যত হয়। তবে তার স্ত্রী সেনা সদস্যদেরকে
‘এটা আমার স্বামী’ বলার পর কোন রকমে তিনি মারধর হতে রেহায় পান। এ সময় সেনারা তাকে অকথ্য
ভাষায় গালিগালাজসহ ভয়-ভীতি দেখায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে, সাধারণ জনগণের ওপর সেনাবাহিনীর এমন নিপীড়ন ও হয়রানিমূলক কর্মকাণ্ডে
এলাকার জনমনে আতঙ্ক ও উদ্বেগের পাশাপাশি ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী অবিলম্বে সাধারণ জনগণের ওপর নিপীড়ন-হয়রানি বন্ধের জন্য সরকার
ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে ৮ নভেম্বর ভোর ও রাতে সেনাবাহিনীর সদস্যরা দু’দফায় সাজেকের
বামে ও ডানে বাইবাছড়া এলাকায় অভিযানের নামে ৫ গ্রামবাসীকে শারিরীক নির্যাতন, ঘরবাড়ি
তল্লাশি ও ৭ জনের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়াসহ জনমনে ভীতি সঞ্চার করেছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
