""

রাঙামাটির কামিলাছড়িতে ‘ইকো রিসোর্ট’র নামে সেটলারদের কাছে ৫৬ একর জমি বিক্রির অভিযোগ হেডম্যান ভবতোষ দেওয়ানের বিরুদ্ধে

জমি বিক্রির দলিল হস্তান্তর করছেন হেডম্যান ভবতোষ দেওয়ান। সংগৃহিত ছবি


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের কামিলাছড়িতে ‘ইকো রিসোর্ট’ প্রতিষ্ঠার নামে সেটলারদের কাছে ৫৬ একর পরিমাণ জমি বিক্রির অভিযোগ উঠেছে হেডম্যান, আইনজীবী এবং জেএসএস নেতা হিসেবে পরিচিত ভবতোষ দেওয়ানের বিরুদ্ধে। ইতোমধ্যে ‘মাওয়াজিন ইকো রিসোর্ট’-এর মালিক পক্ষের কাছে জমি বিক্রির দলিল হস্তান্তরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দলিল মোতাবেক রাঙামাটির সদর উপজেলার ১০৬ নম্বর কামিলাছড়ি মৌজার মগবান ইউনিয়নে ‘মাওয়াজিন ইকো রিসোর্ট’ প্রতিষ্ঠার লক্ষ্যে ৫৬ একর পরিমাণ পাহাড়ি ও রেকর্ডীয় টিলা জমি বিক্রি সম্পন্ন হয়েছে। এতে জমির বিক্রেতা হিসেবে রয়েছেন কামিলাছড়ি মৌজার হেডম্যান ও আইনজীবী এবং জেএসএস সন্তু গ্রুপের নেতা হিসেবে পরিচিত অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান এবং ক্রেতা হিসেবে রয়েছেন ‘মাওয়াজিন লিমিটেড’-এর চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান।

​দলিল ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, এই লেনদেনের মোট আর্থিক পরিমাণ ধরা হয়েছে ১২ কোটি টাকা। আগামী তিন মাসের মধ্যে, অর্থাৎ ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করার শর্তে এই দলিল সম্পাদিত হয়েছে।

 জমি বিক্রির দলিলে স্বাক্ষর করছেন ক্রেতা পক্ষের মোহাম্মদ মিজানুর রহমান। সংগৃহিত ছবি

জমি ক্রেতা মোহাম্মদ মিজানুর রহমান ফেসবুকে দলিলে স্বাক্ষর ও হস্তান্তরের ছবিযুক্ত একটি পোস্ট দিলে বিষয়টি জানাজানি হয়। পোস্টে তিনি লেখেন, “দীর্ঘদিনের পরিকল্পনা, পরিশ্রম ও প্রচেষ্টার পর অবশেষে রাঙামাটিতে মাওয়াজিন লিমিটেডের নতুন প্রতিষ্ঠান ‘মাওয়াজিন ইকো রিসোর্ট’-এর জন্য ৫৬ একর জায়গা ক্রয় সম্পন্ন হলো।”

’৫৬ একর জায়গা নিয়ে শুরু হলো নতুন এক স্বপ্নের যাত্রা”, ফেসবুক পোস্টে লেখেন তিনি।

এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। প্রশ্ন ওঠে একজন হেডম্যান ও আইনজীবী তদুপরি জনসংহতি সমিতির একজন নেতা কীভাবে সেটলারদের কাছে এত পরিমাণ জমি বিক্রি করতে পারেন? ঘটনাটি যদি সত্য হয় তাহলে তার (ভবতোষ দেওয়ান) বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন অনেকে। আবার অনেকে ভবতোষ দেওয়ানের হাতে হয়রানির শিকার হওয়ার অভিযোগও সামনে আনছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জমি বিক্রয়ে অভিযুক্ত হেডম্যান ভবতোষ দেওয়ান সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক-এর সহসভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি রাঙামাটি জজ আদালতের একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি জেএসএস সন্তু গ্রুপের নেতা হিসেবেও পরিচিত। রাঙামাটিতে জেএসেসের আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাকে বক্তব্য দিতে দেখা যায়।

আর জমি ক্রেতা পক্ষের মোহাম্মদ মিজানুর রহমান ‘মাওয়াজিন লিমিটেড’-এর চেয়ারম্যান এবং ‘গণজাগরণ পরিষদ’-নামের একটি সংগঠনের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি বলে জানা গেছে।

​পার্বত্য অঞ্চলে প্রথাগত হেডম্যান ব্যবস্থার সঙ্গে যুক্ত একজন দায়িত্বশীল ব্যক্তি এবং পুরাতন রাজনৈতিক দলের একজন নেতার পক্ষ থেকে সেটলারদের কাছে এত পরিমাণ জমি বিক্রয় ও হস্তান্তরের ঘটনাটি নিয়ে নানা সন্দেহ ও কৌতুহলের জন্ম দিয়েছে। অনেকে পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকার ও ইকো রিসোর্টের নামে পরিবশগত ক্ষতিকর প্রভাব নিয়েও আশঙ্কা প্রকাশ করছেন।

তবে, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চললেও হেডম্যান ভবতোষ দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক কিংবা জেএসএসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোন প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।








0/Post a Comment/Comments