""

সাজেকের ভুয়োছড়িতে তিন নিরীহ গ্রামবাসীকে মারধর করেছে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা

 প্রতীকী ছবি

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভুয়োছড়িতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা তিন নিরীহ গ্রামবাসীকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকালে এ ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানান।

ভুক্তভোগীরা হলেন- কর্ণমুনি চাকমা (৫৫), পিতা: মৃত কেশকুমোরী চাকমা, গ্রা: স্নেহ কুমার কার্বারি পাড়া, তার ছেলে গ্লোমনি চাকমা ওরফে গুলুক্কো (২৩) ও গারা চাকমা (২৮), পিতা: পারুক্কো চাকমা, গ্রাম: ঐ।

স্থানীয়রা জানান, গতকাল (শুক্রবার) বিকাল ৩টা সময় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা উক্ত তিন গ্রামবাসীকে ভুয়োছড়িতে ডেকে নিয়ে বিনা কারণে বেধড়ক মারধর করে। পরে এলাকার মুরুব্বীরা তাদেরকে ছাড়িয়ে আনতে গেলে সন্ত্রাসীরা ঘটনাটি প্রকাশ না করতে গ্রামের মুরুব্বীদের কড়াভাবে নির্দেশ দেয়। কোনোভাবে ঘটনাটি প্রকাশ পেলে জীবন্ত মাটিচাপা দিয়ে দিয়ে হত্যা করা হবে বলে তারা মুরুব্বীদেরকে হুমকি প্রদান করে। এরপর মুরুব্বীদের জিম্মায় উক্ত তিন গ্রামবাসীকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

জেএসএসের সশস্ত্র গ্রুপের কমান্ডার অমৃত লাল চাকমা উক্ত তিন গ্রামবাসীকে মারধরের ঘটনায় নেতৃত্ব দেন বলে এলাকার একটি সূত্র জানিয়েছে।

এ ঘটনার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুরব্বী বলেন, “জেএসএস সশস্ত্র সন্ত্রাসীরা আসার পর সাধারণ জনগণ শান্তিতে থাকতে পারছে না। তারা প্রতিনিয়ত জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে। শত শত পরিবারের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়েছে। নিজের বাগান-বাগিচা ও ক্ষেতে কাজ করতেও বাধা দিচ্ছে। বিভিন্ন পাহাড়-টিলায় মাইন পাতানো আছে সেখানে যাওয়া যাবে না বলে বাধা প্রদান করছে। মাচলং বাজার বা অন্য কোথাও গেলে আগে থেকে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়।”

তিনি ক্ষোভের সাথে বলেন, “গত ৮ নভেম্বর মাচলং সেনা ক্যাম্পের কমান্ডার কাপ্টেন মো. খন্দকার মেহেদী হাসান ভূয়াছড়ি এলাকায় এসে জেএসএসকে ভালোভাবে দেখভাল করতে মুরুব্বীদের বলে গেছেন। তারা নাকি এখানকার জনগণকে ভালো রাখবে। মনে হয়েছে যেন কোনো পিতা ছেলেকে আশ্রমে রেখে যাচ্ছে। তাহলে সাধারণ জনগণকে মারধর করাই কী ভালো রাখার প্রমাণ?”

তিনি অবিলম্বে জেএসএসের সশস্ত্র সদস্যদের এলাকা থেকে সরিয়ে নিয়ে সাধারণ জনগণকে অত্যাচার থেকে মুক্ত করার জোর দাবি জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments