""

সেনাবাহিনী যেভাবে ঠ্যাঙাড়ে দুর্বৃত্তদের দিয়ে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস চালাচ্ছে


বিশেষ প্রতিবেদক, সিএইচটি নিউজ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

জনগণের ঐক্যবদ্ধ শক্তির মধ্যে ভাঙন ও অভ্যন্তরীণ সংঘাত সৃষ্টি করে শাসন শোষণ জারী রাখা হলো শাসকগোষ্ঠীর একটি অতি প্রাচীন কৌশল। পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সেনাবাহিনীও বারবার এই একই কৌশল প্রয়োগ করছে। নব্বই দশকে আমরা দেখেছি তথাকথিত টাইগার বাহিনী, লায়ন বাহিনী, গপ্রক বাহিনী, মুখোশ বাহিনী গঠন করে জুম্ম জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমনের চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু জনগণের ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনে এইসব সন্ত্রাসী সংগঠনগুলো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং সেই সাথে জুম্ম জনগণের আন্দোলন দমনের এই সেনা কৌশলও বার বার ব্যর্থ ও পরাস্ত হয়েছে। বর্তমানেও ঠ্যাঙাড়ে দুর্বৃত্তদের দিয়ে সেনাবাহিনীর কায়েমী স্বার্থবাদী অংশটি পার্বত্য চট্টগ্রামে আন্দোলন দমনের জন্য যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাও ব্যর্থ হবে।

খাগড়াছড়িতে ১৯৯৫ সালে মুখোশ বাহিনী গঠন করা হয়েছিল তৎকালীন পাহাড়ি ছাত্র পরিষদ, পাহাড়ি গণ পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতৃত্বে গড়ে ওঠা গণআন্দোলন দমনের জন্য। মুখোশ বাহিনীকে দিয়ে নানা অপকর্ম সংঘটিত হতে থাকলে জনগণ তাদের বিরুদ্ধে ফুঁসে ওঠে। ’৯৬ সালের ৭ মার্চ তীব্র গণপ্রতিরোধের মুখে সেনাবাহিনী মুখোশ বাহিনী ভেঙে দিতে বাধ্য হয়েছিল। সেই গণপ্রতিরোধে যোগদান করতে গিয়ে অমর বিকাশ চাকমা সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন।

১৯৯৬ সালে সেনা সৃষ্ট মুখোশ বাহিনীর বিরুদ্ধে জনতার লাঠি মিছিল, খাগড়াছড়ি। ফাইল ছবি

দীর্ঘ সময় পর ২০০৯ সালে সেনাবাহিনী একই ধরনের কৌশল প্রয়োগ করেছিল খাগড়াছড়ির লক্ষীছড়িতে ‘বোরকা পার্টি’ সৃষ্টির মাধ্যমে। তৎকালীন লক্ষীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল শরীফুল ইসলাম সেই বোরকা পার্টি সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে জেএসএস সন্তু গ্রুপ সেই সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতার কাজে সেনাবাহিনীর সহযোগি হয়েছিল। সেনা-সন্তু গ্রুপ মিলে সেখানে বোরকা পার্টির সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপকর্ম সংঘটিত করেছিল। ইউপিডিএফ নেতা রুইখই মারমাসহ অনেক জনকে তারা খুন করেছিল। কিন্তু জনগণের ব্যাপক প্রতিরোধের মুখে সেই বোরকা পার্টিও নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন আর তাদের কোন অস্তিত্ব নেই।

এরপর ২০১৭ সালের ১৫ নভেম্বর খাগড়াছড়িতে সেনাবাহিনীর খাগড়াছড়ি ব্রিগেডের তৎকালীন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ (বর্তমানে আনসার-ভিডিপির মহাপরিচালক) একই কৌশলে আর্থিক দুর্নীতিসহ বিভিন্ন কেলেঙ্কারিতে ইউপিডিএফ থেকে বহিষ্কৃত ও দলচ্যুত তপন জ্যোতি চাকমা বর্মা ও শ্যামল কান্তি চাকমা তরুসহ সমাজের কিছু বখাটে টাইপের লোককে দিয়ে তথাকথিত ইউপিডিএফ(গণতান্ত্রিক) নাম রেখে আরেকটি মুখোশ বাহিনী গঠন করে দেন, যারা ‘নব্যমুখোশ বাহিনী’, ‘ঠ্যাঙাড়ে বাহিনী’ কিংবা ‘মোত্তালেব বাহিনী’ হিসেবে জনগণের কাছে পরিচিতি পেয়েছে। 

নব্যমুখোশ বাহিনীর জন্মদাতা খাগড়াছড়ি ব্রিগেডের তৎকালীন ব্রিগেড কমান্ডার (বর্তমানে আনসার-ভিডিপির মহাপরিচালক) মো. আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সংগৃহিত ছবি

এই নব্যমুখোশ বাহিনী গঠনের আগেই নানা চক্রান্তের আলামত পরিলক্ষিত হয়েছিল। তার মধ্যে ২৬ অক্টোবর ২০১৭, ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহের পর ফেরার পথে সাজেকের বাঘাইহাট সেনা জোন গেইটে তল্লাশির সময় সেনাবাহিনীর সদস্যরা অস্ত্রসহ শ্যামল কান্তি চাকমা ওরফে জলেয়্যা ওরফে তরুকে আটক করে।

আটকের পর শ্যামল কান্তি চাকমা সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কমান্ডারের সাথে তার যোগাযোগ থাকার কথা বললে আটককারী সেনা কমান্ডার তার উপরিস্থ কমান্ডারের সাথে বিষয়টি নিয়ে আলাপ করেন। এরপরই ‘উপরের নির্দেশে’ সেনারা তরুকে অস্ত্রসহ ছেড়ে দিয়ে গাড়িতে করে খাগড়াছড়ি পৌঁছে দেয়। এই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীর চক্রান্ত ফাঁস হয়ে যায়।

ঘটনাটি নিয়ে ৮ নভেম্বর ২০১৭ সিএইচটি নিউজে খবর প্রকাশিত হলে তা জানাজানি হয় এবং পরে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শিত হয়।

“অস্ত্রসহ ধৃত দাগী সন্ত্রাসী ‘তরু’কে ছেড়ে দেয়া, ‘নব্য মুখোশ-বোরখা বাহিনী’ লেলিয়ে দিয়ে চাঁদাবাজি, অস্ত্র গুঁজে গ্রেফতার-প্রমোশন বাণিজ্যের উৎপাতের প্রতিবাদে ২০১৭ সালের ৯ নভেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে পাহাড়িদের মধ্যকার সমাজচ্যুত, দলচ্যুত দর্বৃত্তদের দিয়ে ‘নব্য মুখোশবাহিনী’ সৃষ্টির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করা হয়।

“অস্ত্রসহ ধৃত দাগী সন্ত্রাসী ‘তরু' গেল কোথায় জবাব দাও জিওসি (২৪ পদাতিক ডিভিশন)” শ্লোগান সম্বলিত ব্যানারে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করে পিসিপি। ছবি: ৯ নভেম্বর ২০১৭

এর পরদিন (১০ নভেম্বর ২০১৭) একই স্থানে বিক্ষোভ সমাবেশ করে প্রবাসী শ্রমজীবী ফ্রন্ট নামে একটি সংগঠন। সমাবেশ থেকে হাতে-নাতে অস্ত্রসহ ধৃত দাগী সন্ত্রাসী ‘শ্যামল কান্তি চাকমা’ ওরফে ‘তরু’কে সেনা প্রহরায় গোপন আস্তানায় পৌঁছে দেওয়ার প্রতিবাদ এবং পার্বত্য চট্টগ্রামে ‘নব্য মুখোশ-বোরখা বাহিনী’ সৃষ্টির পাঁয়তারা, অস্ত্র গুঁজে দিয়ে গ্রেফতার-প্রমোশন বাণিজ্য বন্ধের দাবি জানানো হয়।

হাতে-নাতে অস্ত্রসহ ধৃত দাগী সন্ত্রাসী ‘শ্যামল কান্তি চাকমা’ ওরফে ‘তরু’কে সেনা প্রহরায় গোপন আস্তানায় পৌঁছে দেওয়ার প্রতিবাদে প্রবাসী শ্রমজীবী ফ্রন্ট ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। ছবি: ১০ নভেম্বর ২০১৭

পার্বত্য চট্টগ্রামে নব্য মুখোশ বাহিনী সৃষ্টির গণবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ১৩ নভেম্বর ২০১৭ রাঙামাটির কুদুকছড়ি ও নান্যাচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম। সমাবেশ থেকে জুম্ম জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী ও সরকারের সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

নব্য মুখোশ বাহিনী গঠনে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ১৪ নভেম্বর ২০১৭ তারিখে খাগড়াছড়ির পানছড়িতে জনপ্রতিনিধি ও সচেতন নাগরিক সমাজ-এর উদ্যোগে এক সন্ত্রাস বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সেদিন সমাবেশ থেকে উপস্থিত জনপ্রতিনিধি ও মুরুব্বীরা একটি বিশেষ গোষ্ঠী নব্য মুখোশ বাহিনী সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন এবং কেউ যেন নব্য দালাল তথা মুখোশ বাহিনী সৃষ্টি করতে না পারে তার জন্য জনগণকে সদা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন।

‘নব্যমুখোশ বাহিনী’ যেদিন গঠন করে দেওয়া হয় সেদিন (১৫ নভেম্বর ২০১৭) সকালে খাগড়াছড়িতে লাঠি মিছিল করে মাদক-সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি। “রাষ্ট্রীয়-সেনা মদদে ‘নব্য মুখোশ-বোরখা বাহিনী’ লেলিয়ে দিয়ে চাঁদাবাজি-উৎপাত ও সন্ত্রাসের মাধ্যমে গণআন্দোলন ব্যাহত করার ষড়যন্ত্র নস্যাৎ করতে এগিয়ে আসুন, প্রতিরোধে অংশ নিন” আহ্বানে আয়োজিত লাঠি মিছিল পরবর্তী সমাবেশ থেকে পরদিন (১৬ নভেম্বর) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয় এবং ঘোষণা মোতাবেক উক্ত অবরোধ কর্মসূচি সফলভাবে পালিত হয়।

রাষ্ট্রীয়-সেনা মদদে ‘নব্য মুখোশ-বোরখা বাহিনী’ লেলিয়ে দিয়ে চাঁদাবাজি-উৎপাত ও সন্ত্রাসের মাধ্যমে গণআন্দোলন ব্যাহত করার ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রতিরোধে অংশ নেয়ার আহ্বান জানিয়ে খাগড়াছড়িতে লাঠি মিছিল করে মাদক-সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি’। ছবি: ১৫ নভেম্বর ২০১৭

কিন্তু এত প্রতিবাদ-বিক্ষোভ সত্ত্বেও সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো খাগড়াছড়ির খাগড়াপুর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০১৭ সালের ১৫ নভেম্বর ‘নব্যমুখোশ বাহিনী’ তথা ‘ঠ্যাঙাড়ে বাহিনী’ গঠন করে দেয়।

গঠনের পর পরই সেনাবাহিনী তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লেলিয়ে দেয়। খাগড়াছড়ি থেকে সন্ত্রাসীদের একটি দলকে সেনাবাহিনীর পাহারায় নিয়ে যাওয়া হয় রাঙামাটির নান্যাচরে। সেখানেই ৫ ডিসেম্বর ২০১৭ প্রথম তারা অনাদি রঞ্জন চাকমা নামে সাবেক এক মেম্বারকে হত্যার মধ্যে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। এরপর ১৫ ডিসেম্বর ’১৭ বন্দুকভাঙা এলাকায় ইউপিডিএফ সংগঠক অনল বিকাশ চাকমা প্লুটোকে হত্যা, ৩ জানুয়ারি ২০১৮ খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমাকে হত্যা, ১৮ আগস্ট ২০১৮ খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে তপন-এল্টন-পলাশসহ ৭ জনকে খুন, ১১ ডিসেম্বর ২০২৩ খাগড়াছড়ির পানছড়িতে বিপুল-সুনীল-লিটন-রুহিনকে খুনসহ এ পর্যন্ত অন্তত ৬৫ জনকে তারা খুন করেছে। এছাড়া তারা ২০১৮ সালের ১৮ মার্চ রাঙামাটির কুদুকছড়ি আবাসিক গ্রাম থেকে দুই নারী নেত্রী মন্টি ও দয়াসোনা চাকমাকে অপহরণসহ অসংখ্য মানুষকে অপহরণ-মুক্তিপণ আদায় এবং নানা অপকর্ম সংঘটিত করেছে। আর তাদের এসব অপকর্মে প্রত্যক্ষভাবে মদদ ও সহযোগিতা দেয় সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের কাযেমী স্বার্থবাদী অংশটি। এছাড়া জেএসএস (এমএন লারমা) নামধারী সংস্কারবাদীদের একটি অংশও এই ঠ্যাঙাড়েদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতা প্রদান করে।

নব্যমুখোশ বা ঠ্যাঙাড়ে দুর্বৃত্তদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকায় এলাকায় প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত হয়েছে। ২০১৮ সালের ১৩ আগস্ট খাগড়াছড়ির ভাইবোনছড়ার দেওয়ান পাড়ায় অবস্থানরত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়ে ফেরার পথে মহাজন পাড়া থেকে ঠ্যাঙাড়ে দুর্বৃত্তরা ভাইবোনছড়া এলাকার ৪ গ্রামবাসীকে অপহরণ করলে এলাকার জনগণ তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে। শত শত নারী-পুরুষ রাস্তায় নেমে পড়ে। তারা সড়ক অবরোধসহ ব্যাপক বিক্ষোভ সংগঠিত করে। ফলে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়। ২০২৩ সালের ১১ ডিসেম্বর পানছড়িতে বিপুলচাকমাসহ চার জনকে হত্যার প্রতিবাদে সেখানকার জনগণ ব্যাপক আন্দোলন সংগঠিত করে। তারা দালাল-প্রতিক্রিয়াশীল ও সন্ত্রাসীদের কুশপুত্তলিকা শুকরের মতো বেঁধে নিয়ে চেঙ্গী নদীতে কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দেয়। মোট কথা, সন্ত্রাসীরা সেনাবাহিনীর সহযোগিতায় অপকর্ম সংঘটিত করতে পারলেও জনগণ তাদেরকে পুরোপুরি প্রত্যাখ্যান করে।  

সেনা মদদপুষ্ট সন্ত্রাসীদের হাতে ভাইবোনছড়া এলাকার চার গ্রামবাসীকে অপহরণের প্রতিবাদে বিক্ষোভে ফেঁটে পড়ে খাগড়াছড়ির জনতা। এলাকার শত শত নারী-পুরুষ লাঠিসোটা হাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে রাস্তায় নামে। ব্যাপক গণবিক্ষোভের মুখে সন্ত্রাসীরা অপহৃত ব্যক্তিদের ছেড়ে দিতে বাধ্য হয়।ছবি: গণবিক্ষোভের একাংশ, ১৪ আগস্ট ২০১৮, খাগড়াছড়ি।

এমতাবস্থায় চলতি বছর অর্থা ২০২৬ সালের জানুয়ারি মাসে নব্যমুখোশ বাহিনীর অন্যতম সর্দার শ্যামল কান্তি চাকমা তরুর নেতৃত্বে একটি অংশ অস্ত্রসহ সন্তু গ্রুপের নিকট আশ্রয় গ্রহণ করেছে। বর্তমানে তাদের অনেকে সন্তু গ্রুপের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। অপরদিকে, থেকে যাওয়া অংশটিকে সেনাবাহিনী আবার সক্রিয় করেছে এবং তাদেরকে দিয়ে কমিটি গঠন করে দিয়ে একই কায়দায় সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করছে। বর্তমানে এই অংশটির লোকজনকে সেনাবাহিনী ইচ্ছেমত সন্ত্রাসী কাজে ব্যবহার করছে। এছাড়া অপারেশনে যাওয়ার সময় সেনাবাহিনী তাদের থেকে বাছাইকৃত কিছু লোককে সাথে নিয়ে সাধারণ জনগণের ঘরবাড়ি তল্লাশি, নির্যাতন, হয়রানি ইত্যাদি অপকর্মগুলো সংঘটিত করছে- এমন অভিযোগ রয়েছে।

গত ২৯ অক্টোবর ২০২৬ এই ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের একটি দল সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন ধুল্যা গ্রামে ইউপিডিএফের দুই কর্মীর ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। এর আগে গত ৩ অক্টোবর সেনাবাহিনী উৎপল চাকমাসহ তিন জন ঠ্যাঙাড়ে সন্ত্রাসীকে সাথে নিয়ে খাগড়ছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়িতে অপারেশন চালিয়ে দুই গ্রামবাসীকে মারধর, হয়রানি এবং এক শিশুকে ওষুধ খাওয়াতে বাধা প্রদান করে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সম্প্রতি রাঙামাটির সাজেকে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সেনারা ঠ্যাঙাড়ে সন্ত্রাসী জেকশন ও জয় চাকমা নামে দু’জন দুর্বৃত্তকে সাথে নিয়ে পাহাড়িদের বিভিন্ন গ্রামে অপারেশন চালাচ্ছে, সাধারণ জনগণকে নিপীড়ন ও হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। বলতে গেলে, সেনাবাহিনীই এখন তাদের একমাত্র পরিচালক। সেনাবাহিনী যে নির্দেশ দেবে তাদেরকে তাই পালন করা ছাড়া কোন উপায় নেই। মূলত তাদেরকে সেনাবাহিনীর একটি পোষ্য লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এখন শুধু এই ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরাই নয়, খোদ সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-ই সেনাবাহিনীর পোষ্য বাহিনীতে পরিণত হয়েছে। যার কারণে সেনাবাহিনী তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা, নিরাপত্তা ও গোলাবারুদ সরবরাহ করে খাগড়াছড়ির পানছড়ি ও রাঙামাটির সাজেকে নিয়োজিত রেখেছে। তাদেরকে দিয়ে সাধারণ জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে। জনগণের ন্যায্য আন্দোলনে বাধা দিচ্ছে।

তবে, সেনাবাহিনী এই ঠ্যাঙাড়ে (নব্যমুখোশ) কিংবা সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে যতই অপকর্ম সংঘটিত করুক না কেন, পার্বত্য চট্টগ্রামের আপামর জনগণ তাদেরকে ঘৃণার চোখে দেখে থাকে। তাই, সাজেকের জনগণ এখন সন্তু গ্রুপের অন্যায়-অপকর্মের বিরুদ্ধে আন্দোলন করছেন। তারা গত অক্টোবর মাস থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন।

রাজনৈতিক সচেতন মহলের মতে, গণপ্রতিরোধের মুখে খাগড়াছড়িতে ’৯৫ সালে সৃষ্ট মুখোশরা যেভাবে বিলীন হয়ে গেছে, ২০০৯ সালে লক্ষীছড়িতে সেনা সৃষ্ট বোরকা পার্টির সন্ত্রাসীরা যেভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে. একইভাবে বর্তমানে সেনাসৃষ্ট ও মদদপুষ্ট ঠ্যাঙাড়ে (নব্যমুখোশ) ও সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরাও আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে তাতে কোন সন্দেহ নেই।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments