ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
“মৃত্যুঞ্জয়ী বীর শহীদ মিটন ছাত্র-যুব সমাজের অগ্রপথিক” স্লোগানটি সামনে
রেখে মিটন চাকমা'র ২য় শহীদ বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্মরণসভা ও প্রদীপ
প্রজ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), ঢাকা মহানগর
শাখা।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকাল ৪টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক
বটতলায় স্মরণসভা ও অপরাজেয় বাংলার পাদদেশে প্রদীপ প্রজ্বলন করা হয়।
স্মরণসভায় পিসিপি'র ঢাকা মহানগর শাখার সভাপতি বাহাদুর ত্রিপুরা'র সভাপতিত্বে
ও তথ্য ও প্রচার সম্পাদক নিকসন চাকমার সঞ্চালনায় আলোচনা করেন পিসিপি'র কেন্দ্রীয় কমিটির
সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা। এতে আরো উপস্থিত ছিলেন পিসিপি'র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি
শুভাশীষ চাকমা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উজানী চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের
কেন্দ্রীয় সদস্য রুপসী চাকমা।
স্মরণসভার শুরুতে শহীদ মিটন চাকমাসহ পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণসভায় ছাত্রনেতা রোনাল চাকমা বলেন, মিটন চাকমা ছাত্র-যুব সমাজের অগ্রপথিক।
তিনি পিসিপি'র চবি শাখার সাবেক সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন।
ব্যক্তি মিটন চাকমা একজন অমায়িক, সজ্জন ও দায়িত্বশীল মানুষ ছিলেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্র
থাকাকালীন পাহাড় ও সমতলের সকল রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। ছাত্রত্ব
শেষ করে সুমহান জাতীয় দায়িত্ব পালনের জন্য ২০২২ সালে তিনি ইউপিডিএফ এ যোগ দেন। বেঁচে
থাকলে পার্বত্য চট্টগ্রামের জনগণের চলমান অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি আরো গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখতে পারতেন। কিন্তু শাসকগোষ্ঠীর দোসর জেএসএস সন্তুর সশস্ত্র ঘাতকরা তাঁকে
বাঁচতে দেয়নি। কিন্তু তাঁকে শারীরিকভাবে হত্যা করতে পারলেও তাঁর ধারণ করা নীতি-আদর্শকে
হত্যা করা যায়নি।
তিনি আরো বলেন, শহীদ মিটন চাকমার মৃত্যু কোন নিছক মৃত্যু নয়। বিশ্ববিদ্যালয়
থেকে গ্র্যাজুয়েশন শেষ করে আত্মপ্রতিষ্ঠার পথে না গিয়ে তিনি জাতীয় মুক্তির লড়াই সংগ্রামে
যুক্ত হয়েছিলেন৷ সংগ্রামের এই পথে নানা ঝড়-ঝঞ্ঝা, মৃত্যু ঝুঁকি জেনেও অত্যন্ত সচেতনভাবে
তিনি এই পথ বেছে নিয়েছিলেন। জনগণের জন্য যিনি জীবন সমর্পণ করেন তিনি মৃত্যুঞ্জয়ী। তাঁর
দেখানো পথই বর্তমান ছাত্র-যুব সমাজের পথ হওয়া উচিত। তাঁর অসমাপ্ত কর্মের সমাপ্তির মধ্যে
দিয়ে শহীদ মিটনের সংগ্রামী চেতনা অক্ষুণ্ণ থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে বাহাদুর ত্রিপুরা বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে সারাদেশে
ছাত্র-যুবক-শ্রমিকদের শহীদের বিনিময়ে স্বৈরাচার শাসকের পতন ঘটে। গণ-অভ্যুত্থানের পরে
সারাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলেও পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর উপর
রাষ্ট্রীয় দমন-পীড়ন বন্ধ হয়নি। বরং বিএনপি সরকার পূর্বের ধারাবাহিকতা রেখে দমন-পীড়ন,
নির্যাতন চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের জনগণের স্বায়ত্তশাসনের মাধ্যমে মুক্তির
যে স্বপ্ন মিটন চাকমা দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তরুণ প্রজন্মকে নিপীড়িত
মানুষের মুক্তির লড়াইয়ে অংশগ্রহণ করে বৃহত্তর আন্দোলনের সামিল হতে হবে।
স্মরণসভা শেষে শহীদ মিটন চাকমার স্মরণে অপরাজেয় বাংলার পাদদেশে প্রদীপ প্রজ্বলন
করা হয়। এ সময় শহীদ মিটন চাকমা'র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জনান পাহাড়ি ছাত্র পরিষদের
কেন্দ্রীয় সহ-সভাপতি শুভাশীষ চাকমা, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক বাহাদুর ত্রিপুরা
ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য রুপসী চাকমা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


