""

মাটিরাঙ্গায় এক পাহাড়ি মোটর সাইকেল চালককে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে হয়রানি, পরে মুক্তি



মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৬নং মাটিরাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দরেন্দ্র পাড়ায় সেনাবাহিনীর সদস্যরা এক পাহাড়ি মোটর সাইকেল চালককে আটক করে ক্যাম্পে নিয়ে হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অবশ্য পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) ভোররাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম চন্দ্র ত্রিপুরা (২৮). পিতা: ললিমোহন ত্রিপুরা, গ্রাম: দরেন্দ্র পাড়া।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোররাত আনুমানিক ৩টার দিকে মাটিরাঙ্গা জোন ও ব্যাঙমারা সেনা ক্যাম্প থেকে ৬০-৬৫ জনের একদল সেনা সদস্য দরেন্দ্র পাড়ায় হানা দেয়। এ সময় চন্দ্র ত্রিপুরা কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হলে সেনাসদস্যরা তাকে আটক করে এবং পরে তাকে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে নানা জিজ্ঞাসাবাদ করে হয়রানি করার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

ভুক্তভোগী চন্দ্র ত্রিপুরা বলেন, “ক্যাম্পে নিয়ে সেনারা তার কাছ থেকে ‘ইউপিডিএফের সদস্যরা কোথায় থাকে, কোথায় খাওয়া-দাওয়া করে’ ইত্যাদি প্রশ্ন জিজ্ঞাসা করেছে।”

এছাড়া সেনা সদস্যরা তাকে ইউপিডিএফের কোনো সদস্যের সন্ধান দিতে পারলে যত টাকা প্রয়োজন তত টাকা দেওয়ার কথাও বলেছেন বলে তিনি জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments