""

মহালছড়ির জয়সেন পাড়ায় ‘‌‌‌‌‌‌‌প্রবেশ নিষেধাজ্ঞা’ দিয়ে পাহাড়িদের জায়গায় সাইনবোর্ড‌‌‌ লাগিয়ে দিয়েছে সেনাবাহিনী!


মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জয়সেন পাড়ায় পাহাড়িদের জায়গা বেদখলের উদ্দেশ্যে ‘প্রবেশ নিষেধাজ্ঞা’ দিয়ে দুই পাহাড়ির জায়গার ওপর সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে সেনাবাহিনী। এতে পাহাড়িদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। 

জানা যায়, আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ৮টার সময় মহালছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল মো. আল জাবির আসিফ ও জয়সেন পাড়া টিওবি’র ক্যাম্প কমান্ডার মো. মিজান মিয়া-এর নেতৃত্বে ১৮-২০ জন সেনা সদস্য জয়সেন পাড়ায় জ্যোতিষ চন্দ্র চাকমা ও সাধন ভূষণ চাকমার রেকর্ডীয় ও ভোগদখলীয় জায়গায় গিয়ে জোরপূর্বক একটি সাইনবোর্ড লাগিয়ে দেয়। সাইনবোর্ডে লেখা রয়েছে, “এই জায়গার মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ নিষেধ –আদেশক্রমে, মহালছড়ি জোন”।

অভিযোগ উঠেছে মহালছড়ি জোন কমান্ডার জয়সেন পাড়া এলাকার মো. মাসুদ মাষ্টার নামে এক সেটলার বাঙালির কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের বিনিময়ে এই সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন।

এ ঘটনায় জায়গার মালিকগণ-সহ এলাকার পাহাড়ি বাসিন্দাদের মধ্যে জমি হারানোর আশঙ্কা এবং নিরাপত্তাহীনতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী অভিযোগ করে বলেছেন, “প্রশাসনের একাংশ ও কিছু মহলের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় একের পর এক পাহাড়িদের ভূমি দখলের অপচেষ্টা চলছে, যা স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর অস্তিত্বকে বিপন্ন করে তুলছে। আজকের ঘটনাটি পাহাড়ে চলমান প্রান্তিকীকরণ ও পাহাড়ি উচ্ছেদের ধারাবাহিক প্রক্রিয়ারই একটি উদ্বেগজনক প্রতিফলন। এ ধরনের তৎপরতা পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে বড় অন্তরায়।”

তারা আরও বলেছেন, ‘পাহাড়িদের জমি থেকে উচ্ছেদ করার এই চলমান প্রবণতা শুধু মানবাধিকারেরই লঙ্ঘন নয়, বরং তা পাহাড়ের আইনি ব্যবস্থার প্রতি চরম অবমাননা’।

তারা পাহাড়িদের ভূমি অধিকার রক্ষা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, বিগত ২০২২ সালের ৫ জুলাই সেনাবাহিনীর সহযোগিতায় সেটলার বাঙালিরা উক্ত জায়গায় বসবাসকারী পাহাড়িদের ৩৭টি বসতবাড়িতে অগ্নিসংযোগ করে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দেয়। পরবর্তীতে সেনাবাহিনী সেখানে একটি ক্যাম্প স্থাপন করে পাহাড়িদের সে জায়গায় যেতে বাধা প্রদান করে। ফলে পাহাড়িরা আর সেখানে যেতে পারেননি।

এরপর জায়গার মালিক পাহাড়িরা খাগড়াছড়ি জেলা আদালতে মামলা দায়ের করলে আদালত পাহাড়িদের পক্ষে রায় দেয় বলে জানা গেছে। 

জায়গার মালিক ও স্থানীয় পাহাড়িরা অভিযোগ করে বলেন, “আদালতের রায় পাওয়ার পর তারা পুনরায় উক্ত স্থানে বাগান-বাগিচা সৃজন ও চাষাবাদ শুরু করতে চাইলে সেনাবাহিনী বরাবরই সেটলারদের পক্ষ নিয়ে তাদের বাধা প্রদান করে এসেছে। এরই ধারাবাহিকতায় আজ সেনারা উক্ত জায়গায় ‘প্রবেশ নিষেধাজ্ঞা’ দিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে।”


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments