""

সাজেক থেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিয়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সাজেক থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরে সরিয়ে নিয়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।

আজ শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বেলা ২টায় সাজেকের বাঘাইহাট এলাকার ডানে বাইবাছড়া গ্রামবাসীদের নিয়ে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। সভায় গ্রামের প্রায় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সভায় গণকমিটির পক্ষ থেকে এক মাসের অধিক সময় ধরে চলমান সাজেকের অনির্দিষ্টকালের পর্যটন সড়ক অবরোধ কর্মসূচিতে ডানে বাইবাছড়ার গ্রামবাসীসহ পুরো সাজেকের সাধারণ জনগণের অভূতপূর্ব সমর্থন ও সহযোগিতার জন্য তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সাজেকবাসীর এই লড়াইকে গোটা দেশের নিপীড়িত গণমানুষের বাঁচার লড়াই আখ্যায়িত করে বাবুধন চাকমা বলেন, “সাজেকবাসীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। শাসকশ্রেণি পরিকল্পিতভাবে সাজেকের জনগণের ওপর সন্ত্রাস চাপিয়ে দিয়েছে। জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র জঙ্গিদের দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা, মানবাধিকার ও সাংবিধানিক মৌলিক অধিকার পদদলিত করা হচ্ছে। এতে বাঘাইহাট সেনা জোন কর্তৃপক্ষ সরাসরি জড়িত রয়েছে।

“গত ২৬ অক্টোবর সরকারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে চার দফা মেনে নেওয়া হলেও জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের সাজেক থেকে সরিয়ে নেওয়ার সাজেকবাসীর মূল দাবিটি সরকার মেনে নেয়নি।”

তিনি প্রশ্ন রেখে বলেন, “জেএসএস তো সরকারেরই অংশ। জেএসএসের সভাপতি ও সশস্ত্র গোষ্ঠীটির প্রধান সন্তু লারমা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রী। কাজেই, সরকার চাইলে তাঁর সঙ্গে আলোচনা করে যেকোনো মুহূর্তে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের সাজেক থেকে সরিয়ে নিতে পারে। কিন্তু তা না করে উল্টো সাজেকবাসীর জানমালের নিরাপত্তার দাবিতে আন্দোলনরত নেতা-কর্মী ও সাধারণ জনগণের ওপর বাঘাইহাট সেনা জোন কর্তৃপক্ষ অত্যাচার-নিপীড়ন চালাচ্ছে।”

তিনি অবিলম্বে আন্দোলনরত নেতা-কর্মী ও সাধারণ জনগণের ওপর সেনাবাহিনীর অত্যাচার-নিপীড়ন বন্ধ করা, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের সাজেক থেকে সরিয়ে নেওয়া এবং সাজেকবাসীর পাঁচ দফা দাবির ভিত্তিতে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায়, সাজেকবাসী আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে নিতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। প্রেস বিজ্ঞপ্তি।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments