""

সাজেকে এক নিরীহ ব্যক্তিকে মারধরের অভিযোগ সন্তু গ্রুপের বিরুদ্ধে


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৪ নভেম্বর ২০২৬

রাঙামাটির সাজেক ইউনিয়নের গঙ্গারামের উগুদোছড়ি এলাকায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা এক নিরীহ ব্যক্তিকে নির্দয়ভাবে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় সময় ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগীর নাম প্রিয় জ্যোতি চাকমা প্রকাশ চিরিঙে (৩৫), পিতা: মনু চন্দ্র চাকমা, গ্রাম: গুলোকমাছড়া, বাঘাইহাট, সাজেক, রাঙামাটি।

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী প্রিয় জ্যোতি চাকমা গঙ্গারামের উগুদোছড়ি গ্রামে তাঁর এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে সন্তু গ্রুপের সশস্ত্র কমান্ডার চিনু মারমার নেতৃত্বে বিনা কারণে তাকে অমানুষিকভাবে মারধর করা হয়।

উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।

আজ বুধবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ জনগণের ওপর সন্তু গ্রুপের ধারাবাহিক অত্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছে। প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে।

নেতৃদ্বয় অবিলম্বে অভিযুক্ত চিনু মারমাসহ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

একই সঙ্গে তারা সরকারের প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করেও কীভাবে সন্তু লারমা সশস্ত্র গ্রুপ পরিচালনা এবং সাধারণ জনগণের ওপর অত্যাচার চালানোর সুযোগ পাচ্ছেন, সে বিষয়ে তাঁকে জবাবদিহির আওতায় আনা এবং জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের সাজেক থেকে সরিয়ে নিয়ে সাধারণ জনগণকে জিম্মিদশা থেকে মুক্ত করার আহ্বান জানয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।








0/Post a Comment/Comments