""

রাজস্থলীতে এক ব্যক্তিকে অপহরণ করে মোটা অংকের মুক্তিপণ আদায় করল ‘মগ পার্টি’র সন্ত্রাসীরা


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
 ।। রাঙামাটির রাজস্থলীতে সেনা মদদপুষ্ট কথিত ‘মগ পার্টি’ নামধারী সন্ত্রাসীরা মংথোয়াইনু মারমা (৫২) নামে এক ব্যক্তিকে অপহরণের পর মোটা অংকের মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

গত ২৮ আগস্ট ২০২১ শনিবার বাঙ্গালহালিয়া বাজার থেকে এই অপহরণের ঘটনা ঘটে।

অপহরণের শিকার মংথোয়াইনু মারমা রাজস্থলী কলেজের দপ্তরি বলে জানা গেছে। তার বাড়ি গাইন্দ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম তাইতং পাড়া গ্রামে।

জানা যায়, শনিবার (২৮ আগস্ট) আনুমানিক ৪ টার দিকে মংক্যচিং মারমার নেতৃত্বে মগ পার্টির একদল সন্ত্রাসী বাঙ্গালহালিয়া বাজার থেকে মংথোয়াইনু মারমাকে অপহরণ করে পার্শ্ববর্তী গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু পাড়ায় অবস্থিত তাদের আস্তানায় নিয়ে যায়।

পর দিন (২৯ আগস্ট) দুপুরের দিকে সন্ত্রাসীরা অপহৃতের আত্মীয়স্বজন ও ছেলেকে তাদের আস্তানায় ডেকে নিয়ে যায় এবং মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা দাবি করে। উক্ত টাকা না পেলে সন্ত্রাসীরা অচিরেই অপহৃতকে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

অপহৃতের আত্মীয়স্বজন ও ছেলে অনেক কাকুতিমিনতি করেও সন্ত্রাসীরা মুক্তিপণ ছাড়া অপহৃতকে মুক্তি দিতে রাজি না হলে পরে ৮০ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে নির্ধারণ করা হয়। পরে অপহৃতের আত্মীয়স্বজন ও ছেলে নগদ ৫ লক্ষ টাকা দিলে সন্ত্রাসীরা মংথোয়াইনু মারমাকে জামিনে মুক্তি দেয়।

তবে আগামী এক সপ্তাহের মধ্যে অবশিষ্ট ৭৫ লক্ষ টাকা পরিশোধ করতে হবে বলে অপহরণকারীরা নির্দেশ দেয় বলে জানা গেছে।





0/Post a Comment/Comments