সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের মংখয় খেয়াং পাড়ার বাসিন্দা চিংমা
খেয়াংকে গত বছর অর্থাৎ ২০২৫ সালের ৫ মে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনাটির
এক বছর হতে চললেও প্রশাসন এখনো খুনিদের চিহ্নিত ও গ্রেফতার করতে পারেনি। তাই অবিলম্বে
ধর্ষক-খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রাঙামাটির সাজেকে বিক্ষোভ
প্রদর্শন করেছে তিন নারী সংগঠন।
আজ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল ৯টায় সাজেকের উজোবাজারে হিল উইমেন্স ফেডারেনশন,
নারী সংঘ ও সাজেক নারী সমাজ যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা সভাপতি
অমিতা চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা সভাপতি বিশাখা চাকমার
সঞ্চালনায়বক্তব্য রাখেন সাজেক নারী সমাজের নেত্রী নিরুপা চাকমা এবং সংহতি জানিয়ৈ বক্তব্য
রাখেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটি সদস্য সচিব বাবুধন চাকমা, সাজেক কারবারী এসোসিয়েশনের
সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পরিচয় চাকমা।
নিরুপা চাকমা বলেন, গত বছর ৫ মে অন্তর্বতীকালীন সরকারের সময় চিংমা খেয়াং
গণধর্ষণ ও হত্যার শিকার হয়। এ হত্যাকাণ্ডের এক বছর হতে চললেও এখনা খুনিদের গ্রেফতার
করা হয়নি। দেশে সরকার পরিবর্তন হলেও পার্বত্য চট্টগ্রামে অপশাসনের পরিবর্তন হয় না।
তিনি অবিলম্বে চিংমা খেয়াং হত্যার জড়িত অপরাধীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শান্তি
দেয়ার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান।
নতুন জয় চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত সহিংস ঘটনা ঘটে থাকে।
কখনো ভূমি আগ্রাসন, কখনো হত্যা, অপহরণ, কখনো
নারী নির্যাতন। বান্দরবানের থানচিতে গত বছর চিংমা খেয়াংকে ধর্ষণ-হত্যার ঘটনায় জড়িতরা
এখনো গ্রেফতার না হওয়া রহস্যজনক। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দেয়া
না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে। তাই প্রশাসনকে অবিলম্বে দোষীদের চিহ্নিত
করে গ্রেফতারের পদক্ষেপ নিতে হবে।
ইউপি সদস্য পরিচয় চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম যেমন দেশের কোন বিচ্ছিন্ন
অঞ্চল নয়, তেমনি দেশের আইন-বিচার ব্যবস্থার প্রতি এখানে বসবাসরত জাতিগোষ্ঠিরা শ্রদ্ধাশীল।
তিনি অবিলম্বে চিংমা খেয়াংয়ের খুনিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য
সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বাবু ধন চাকমা বলেন, চিংমা খেয়াংয়ের যে মৃত্যু তা সাধারণ মৃত্যু নয়। তাকে
ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। ঘটনার প্রায় এক বছরেও এই দেশের প্রশাসন সেই ধর্ষক-খুনিদের
এখনো চিহ্নিত ও গ্রেফতার করতে পারেনি। তিনি অনতিবিলম্বে চিংমা খেয়াং-এর হত্যার সাথে
জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
