""

আলীকদমে এক ম্রো জুমচাষীর জুমে রোপণ করা কলাগাছ ক্ষতিগ্রস্ত করার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

ক্ষতিগ্রস্ত কলাগাছ। ছবি : Sathong Mro

অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬

বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরি রিজার্ভ এলাকায় এক ম্রো জুমচাষীর নতুন জুমে রোপণ করা প্রায় ১.০০০টি কলাগাছ ক্ষতিগ্রস্ত করে দেয়ার অভিযোগ উঠেছে বনবিভাগের বিরুদ্ধে।

ক্ষতিগ্রস্ত জুমচাষীর নাম- খিনওয়ই ম্রো, গ্রাম- ক্রিলাই পাড়া, ৬নং ওয়ার্ড, ৪নং কুরুকপাতা, আলীকদম, বান্দরবান।

Sathong Mro নামে একজনের ফেসবকু পোস্ট থেকে জানা যায়, খিনওয়াই ম্রো চলতি বছরে মাতামুহুরী রিজার্ভ এলাকায় নতুন জুমে প্রায় ১,০০০টি কলা গাছ রোপণ করেন। এই জুমচাষ তার পরিবারের প্রধান জীবিকার উৎস।

অভিযোগ উঠেছে, আজ (১১ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১১:২০টার সময় বনবিভাগের দায়িত্বপ্রাপ্ত এলাকার কর্মকর্তারা ও তাদের সাথে থাকা ভাড়াটে লোকজন খিনওয়াই ম্রো’র জুমে প্রবেশ করে কলা গাছগুলো ক্ষতিগ্রস্ত করে দেন। এতে তার আনুমানিক ৪৯,৫০০ টাকার ক্ষতি হয়েছে বলে হিসাবে দেখানো হয়েছে।

Sathong Mro তার পোস্টে বলেন, একজন দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের জন্য এই অর্থ এক বছরের জীবিকার সমান। এই ক্ষতির ফলে পরিবারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের জীবিকা সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া ও ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।

এছাড়া তিনি পোস্টে একটি বিবৃতির মাধ্যমে আরও জানিয়েছেন, “আলীকদম উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের আইনশৃঙ্খলা সভায় পাহাড়ি বনবাসী জুমচাষিদের জীবিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং বনবিভাগসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানানো হয়েছে।

“কিন্তু দুঃখজনকভাবে, এসব সিদ্ধান্ত ও আলোচনার পরও যদি বনবিভাগের পক্ষ থেকে বারবার এমন কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে এটি অত্যন্ত উদ্বেগজনক।”

এতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আলীকদমের সচেতন সমাজ এ বিষয়ে গভীরভাবে নজর রাখছে। যদি দ্রুত এর সুষ্ঠু সমাধান না আসে এবং ক্ষতিগ্রস্ত জুমচাষিদের ন্যায়বিচার নিশ্চিত না করা হয়, তাহলে আমরা বাধ্য হবো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করতে।”

তিনি তার পোস্টে দেওয়া বিবৃতিতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, জুমচাষীদের অধিকার রক্ষা করা ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করার দাবি করেছেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments